আয়কর ফাঁকির অভিযোগে বিএনপির নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিটের ওপর প্রাথমিক শুনানির পর এ রুল জারি করেন। বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আয়কর ফাঁকির অভিযোগে গত ১৫ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার শাহ মোহাম্মদ ইত্তেদা হাসান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতে মওদুদ আহমদের বিরুদ্ধে এ মামলাটি করেন। পরদিন এ মামলায় মওদুদ আহমদ হাইকোর্ট থেকে দুই মাসের জামিন পান। এরপর ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। গতকাল আবেদনের ওপর শুনানি হয়। মওদুদের পক্ষে আইনজীবী রফিক-উল হক ও আহসানুল করিম মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।