মওদুদের কুশপুত্তলিকা দাহ করার সঙ্গে যুবদল জড়িতনয়'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের কুশপুত্তলিকা দাহ করার সঙ্গে জাতীয়তাবাদী যুবদল জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ ও সাধারণ সম্পাদক সাইফুল আলম। তাঁদের দাবি, সরকারের অনুচর বাহিনী এটা করে থাকতে পারে।
গতকাল শনিবার যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। একই সঙ্গে কুশপুত্তলিকা দাহ করার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
গত শুক্রবার দুপুরে নয়াপল্টনে স্কাউট ভবনের সামনে মওদুদ আহমদের কুশপুত্তলিকা দাহ করে একদল যুবক। তাঁরা নিজেদের যুবদলের কর্মী বলে পরিচয় দেন। ‘মওদুদের কুশপুত্তলিকা দাহ করল যুবদল’ শীর্ষক সংবাদ গতকাল প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়।
যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, সরকার বিএনপিতে বিভেদ সৃষ্টি করে ভাঙন ধরানোর খেলায় লিপ্ত হয়েছে। এরই অংশ হিসেবে যুবদলের নাম ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞপ্তি।