মওদুদকে বাড়িছাড়া করার চেষ্টা নীলনকশার অংশ: বিএনপি
মওদুদের বাড়ির মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
রাজধানীর গুলশানে বিএনপির নেতা মওদুদ আহমদের ভাইয়ের নামে একটি বাড়ির নামজারি করার জন্য হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে গত মঙ্গলবার সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, তা গতকাল বুধবার পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়েছে।
গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশিত হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ওই রায় দেন।
বিএনপি অভিযোগ করেছে, পরিকল্পিতভাবে বিএনপিকে দুর্বল ও পঙ্গু করার নীলনকশার অংশ হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে বাড়িছাড়া করার চেষ্টা করা হচ্ছে।
২০১০ সালের ১২ আগস্ট গুলশান-২-এর ১৫৯ নম্বর প্লটের ওই বাড়িটি মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে নামজারি করার জন্য হাইকোর্ট রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে ২০১১ সালের ৩ ফেব্রুয়ারি রাজউক লিভ টু আপিল করে। ২০১৪ সালের ৯ মার্চ আপিল বিভাগ রাজউককে আপিলের অনুমতি দেন। এরপর চলতি বছর এই মামলার শুনানি শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়েছিল। মঙ্গলবার আপিল বিভাগ রাজউকের আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিল করেন। ফলে বাড়িটি আর মনজুর আহমদের নামে থাকছে না।
এদিকে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর ওই বাড়ি আত্মসাতের অভিযোগ করে রাজধানীর গুলশান থানায় মওদুদ আহমদ ও মনজুর আহমদের বিরুদ্ধে মামলা করে দুদক।
২০১৪ সালের ১৪ জুন এ মামলায় অভিযোগ আমলে নেন নিম্ন আদালত। ওই আদেশের বিরুদ্ধে মওদুদ ও তাঁর ভাইয়ের আবেদন গত বছরের ২৩ জুন খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন মওদুদ আহমদ। মঙ্গলবার আপিল বিভাগ মওদুদ আহমদের লিভ টু আপিল নিষ্পত্তি করে দুদকের মামলাটি বাতিল করে দেন।
দুদকের অভিযোগ ছিল, গুলশানের ওই বাড়ির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির (রাজউক) কাছ থেকে ১ বিঘা ১৩ কাঠার এ বাড়ির মালিকানা পান এহসান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তাঁর অস্ট্রিয়ান স্ত্রী ইনজে মারিয়া প্লাজের নাম অন্তর্ভুক্ত হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন এহসান। তাঁরা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।
১৯৭৩ সালের ২ আগস্ট মওদুদ তাঁর ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন।
বিএনপির প্রতিক্রিয়া: গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মওদুদ আহমদের বাড়ির মামলা প্রমাণ করে, জঙ্গিবাদ নির্মূল বা গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকাই সরকারের একমাত্র লক্ষ্য। তিনি সরকারকে এই ‘ভয়াবহ পথ’ থেকে সরে আসার আহ্বান জানান।