রাজধানীর গুলশানে একটি বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এদিন ধার্য করেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে মওদুদ আহমদের পক্ষে আইনজীবী তাহেরুল ইসলাম সময় চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, এ মামলার বিষয় নিয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি করার আবেদন জানানো হয়। আদালত তা মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ করা হয়, গুলশানের ওই বাড়ির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। একপর্যায়ে ওই বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের স্ত্রীর নামও অন্তর্ভুক্ত করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর ওই বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। ১৯৭৩ সালের ২ আগস্ট মওদুদ আহমদ তাঁর ইংল্যান্ডপ্রবাসী ভাই মনজুরের নামে একটি ভুয়া আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন।
এ অভিযোগে দুদকের উপপরিচালক হারুন অর রশীদ ২০১৩ সালের ১৭ ডিসেম্বর অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মওদুদ আহমদ ও মনজুর আহমদের বিরুদ্ধে এ মামলা করেন। গত বছরের ২৬ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন অর রশীদ আদালতে মওদুদ আহমদ ও মনজুর আহমদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।