মওদুদের বিরুদ্ধে করা দুদকের মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।মামলা বাতিল চেয়ে মওদুদ আহমদের এক আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলাটি বাতিলের আদেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।জানা গেছে, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুদক মওদুদের বিরুদ্ধে ওই মামলাটি করে। নিম্ন আদালতে ওই মামলার অভিযোগ আমলে নেওয়ার পর বর্তমানে অভিযোগ গঠনের শুনানি চলছে। আদালতে মওদুদ নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।