মওদুদের বিরুদ্ধে তদন্ত চলবে: দুদক
লন্ডনে সাড়ে চার কোটি টাকা দামের বাড়ি কেনার বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১১ জুলাই কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী ও পদস্থ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হয়ে এ সিদ্ধান্ত নেয় কমিশন কর্তৃপক্ষ। দুদক সূত্র জানায়, চলতি মাসের প্রথম সপ্তাহে সংস্থার উপপরিচালক মোনায়েম হোসেন বিএনপির এই নেতার বিরুদ্ধে লন্ডনে অর্থ পাচারের অভিযোগ বিষয়ে তদন্ত শুরু করেন। এর অংশ হিসেবে তিনি মওদুদ আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ জুলাই নোটিশ দেন। তাঁকে ১১ জুলাই দুদকে হাজির হতে বলা হয়। কিন্তু মওদুদ হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে আদালত তিন মাসের জন্য দুদকের নোটিশের কার্যকারিতা স্থগিত করেন।দুদক হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করলেও হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়। এই অবস্থায় জরুরি বৈঠকে তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দুদক। অভিযোগ অনুযায়ী, মওদুদ আহমদ ২০১০ সালের ৫ মার্চ লন্ডনের হান্টিংটনে তিন লাখ ৬০ হাজার পাউন্ড দামে একটি বাড়ি কেনেন। এ বিষয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘মওদুদ আহমদের অর্থ পাচারের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।...কমিশনের পক্ষ থেকে নোটিশ করার পরে যদি সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে যান, এর পরিপ্রেক্ষিতে দুদকের কৌশলও পরিবর্তন করতে হতে পারে।’দুদকের সূত্র অনুযায়ী, মওদুদ আহমদ লন্ডনে বাড়ি কেনার টাকা দেশ থেকে কোন উপায়ে পাঠিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি শাখার মহাব্যবস্থাপককে (জিএম) ৫ জুলাই চিঠি দিয়েছে কমিশন। তদন্ত কর্মকর্তা মোনায়েম হোসেনের সই করা ওই চিঠিতে মওদুদ আহমদ ২০১০ সালের ৫ মার্চের আগে কোনো ধরনের অনুমতি সাপেক্ষে টাকা পাঠিয়েছেন কি না, জরুরি ভিত্তিতে তা দুদককে জানাতে বলা হয়েছে।