বিএনপির নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ইমরুল কায়েশ এই অভিযোগ গঠন করেন।
আগামী ২৬ জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে।
গতকাল মওদুদ আহমদ আদালতকে বলেন, তাঁর আশঙ্কা তিনি ন্যায়বিচার পাবেন না। এ জন্য অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করতে চান না। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোশাররফ হোসেন।
মওদুদের পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম পরে প্রথম আলোকে বলেন, এ মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন আগেই করা ছিল। তবে গতকাল আদালতের প্রতি তাঁরা অনাস্থা জানিয়েছেন। অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় দুদকের উপপরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০৭ সালের ২৩ জুলাই দুদকে দাখিল করা সম্পদের বিবরণীতে ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন মওদুদ আহমদ। এ ছাড়া ৭ কোটি ৩৮ হাজার ২৩৭ টাকা মূল্যের সম্পদ তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।