ক্ষমতার অপব্যবহার (জালিয়াতি) করে পরিত্যক্ত ঘোষিত সরকারি সম্পত্তি ভোগদখলের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানীর গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপপরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৮।
মামলার এজাহারে বলা হয়েছে, মওদুদ আহমদ ও তাঁর ভাই রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৫৯ নম্বর বাড়িটি ভোগদখল করে আসছেন। বাড়িটির মূল মলিক অস্ট্রেলিয়ার অ্যাঞ্জেলস ফল। ওই নারীর মৃত্যুর পর তাঁর পাকিস্তানি স্বামী ওই বাড়িতে থাকতেন। কিন্তু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি চলে যান। ১৯৭৩ সালে সরকার ওই বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করে। মওদুদ আহমদ তাঁর ক্ষমতা ও প্রভাব খাটিয়ে লন্ডনপ্রবাসী ভাই মঞ্জুর আহমদের নামে ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি (আম মোক্তারনামা) তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন। ১৯৭৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে বাড়িটি দখলের পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিসিসি) রেকর্ড অনুযায়ী মওদুদ আহমদ ওই বাড়ির ভাড়াটিয়া।