সরকারি ক্ষমতার অপব্যবহার (জালিয়াতি) করে পরিত্যক্ত ঘোষিত সরকারি সম্পত্তি ভোগদখলের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর গুলশানের এন ডব্লিউ (এইচ) ৬, হোল্ডিং নম্বর ১৫৯, গুলশান অ্যাভিনিউয়ে এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক আয়তনের এই সরকারি প্লটের বর্তমান বাজারমূল্য ৩০০ কোটি টাকার বেশি।
গতকাল মঙ্গলবার বিকেলে গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপপরিচালক হারুনুর রশীদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৮।
মামলার এজাহারে বলা হয়েছে, মওদুদ আহমদ ও তাঁর ভাই মনজুর আহমদ রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৫৯ নম্বর বাড়িটি ভোগদখল করে আসছেন। বাড়িটি ১৯৬১ সালে পাকিস্তানি নাগরিক মো. এহসানের নামে তৎকালীন ডিআইটি (বর্তমানে রাজউক) দখল হস্তান্তর করে। পরে এহসানের আবেদনের ভিত্তিতে প্লটের মালিক হন তাঁর স্ত্রী ও অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ইনজে মারিয়া ফ্ল্যাজ। মারিয়া ও তাঁর পাকিস্তানি স্বামী এহসান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে চলে যান। ১৯৭৩ সালে সরকার ওই বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ঘোষণা করে।
কিন্তু মওদুদ আহমদ তাঁর ক্ষমতা ও প্রভাব খাটিয়ে লন্ডনপ্রবাসী ভাই মনজুর আহমদের নামে ১৯৭৩ সালের ২ আগস্ট তারিখের একটি ভুয়া আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন। ১৯৭৭ থেকে ১৯৮৯ সালের মধ্যে বাড়িটি দখলের পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) রেকর্ড অনুযায়ী, মওদুদ আহমদ ওই বাড়ির ভাড়াটিয়া। মারিয়া বা তাঁর স্বামী এহসান স্বাধীনতার পর কখনো বাংলাদেশে এসেছেন, এ রকম কোনো প্রমাণও নেই।