মওদুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠনের শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ। ফাইল ছবি
মওদুদ আহমদ। ফাইল ছবি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ক শুনানি পিছিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক ইসমাইল হোসেন শুনানির জন্য আগামী ২৫ আগস্ট পরবর্তী তারিখ ধার্য করেন।
আজ এ মামলায় অভিযোগ গঠন বিষয়ক শুনানির দিন ধার্য ছিল। তাই মওদুদ আহমদ আদালতে হাজির ছিলেন। কিন্তু তাঁর প‌ক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৩ জুলাই দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে মওদুদ আহমদ সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এ ছাড়া তদন্ত অনুসন্ধানে ৭ কোটি ৩৮ হাজার ২৩৭ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পান দুদক। যা জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ। এই অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় দুদক এ মামলা করে। ২০০৮ সালের ১৪ মে দুদক তদন্ত শেষে মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।