মওদুদের বিরুদ্ধে নাইকো মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আবেদনের পক্ষে নিজেই শুনানিতে অংশ নেন মওদুদ। সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী খুরশিদ আলম খান।

মামলার কার্যক্রম স্থগিত করে আগে দেওয়া রুল গত ১২ এপ্রিল খারিজ করে রায় দেন হাইকোর্ট। ফলে মামলা চলার পথে খুলে। এর এক দিনের মাথায় ১৩ এপ্রিল আবেদনটি করেন মওদুদ; যা শুনানির জন্য ওঠে। শুনানিতে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। ৭ মে পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করে ওই দিন শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

মওদুদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন। এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। শুনানি নিয়ে গত বছরের ১১ ডিসেম্বর আপিল বিভাগ হাইকোর্টে রুল শুনানি করতে পক্ষগুলোকে নির্দেশ দেন।

নাইকো দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর মামলাটি করে দুদক। পরের বছরের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগে বলা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।