মওদুদের বিরুদ্ধে নাইকো মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। আগামী ৭ মে পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করে ওই দিন শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মওদুদ আহমদের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
আবেদনের পক্ষে নিজেই শুনানিতে অংশ নেন মওদুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

মামলার কার্যক্রম স্থগিত করে ইতিপূর্বে দেওয়া রুল গতকাল বুধবার খারিজ করে রায় দেন হাইকোর্ট। ফলে মামলা চলার পথে খুলে। এর এক দিনের মাথায় আজ আবেদনটি করেন মওদুদ; যা শুনানির জন্য ওঠে।

মওদুদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন। এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। শুনানি নিয়ে ১১ ডিসেম্বর আপিল বিভাগ হাইকোর্টে রুল শুনানি করতে পক্ষগুলোকে নির্দেশ দেন। এই রুল খারিজ করে গতকাল আদালত আদেশ দিয়েছিলেন

নাইকো দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর মামলাটি করে দুদক। পরের বছরের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগে বলা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল–গ্যাস অনুসন্ধান চুক্তির মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।