মওদুদের বিরুদ্ধে মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত হয়নি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত হয়নি। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মওদুদের বিরুদ্ধে করা এ মামলার কার্যক্রমে হাইকোর্ট গত ২৯ জানুয়ারি ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন।আদালত সূত্র জানায়, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ‘নো অর্ডার’ দেন। আদালত নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন।মওদুদ আহমদের পক্ষে আইনজীবী রফিক-উল হক ও আহসানুল করিম মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।পরে আহসানুল করিম প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকছে।মো. সোহরাওয়ার্দী বলেন, আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন ও নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন। দুদক ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর মওদুদের বিরুদ্ধে ওই মামলা করে।