মওদুদের রিটের শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের বাড়ি থেকে বিএনপির নেতা মওদুদ আহমদকে উচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট আবেদনের শুনানি আগামী ২ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন।
গুলশানের যে বাড়িতে মওদুদ থাকতেন, সেখান থেকে নোটিশ ছাড়াই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্ছেদ অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সকালে ওই রিট আবেদন করেন তিনি। পাশাপাশি উচ্ছেদ কার্যক্রম স্থগিত এবং বাড়ির নকশা ও ধরনে পরিবর্তন না আনার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশনা চায় বাদীপক্ষ। বাড়ির দখল ফিরে পেতেও আরজি জানানো হয়।
মওদুদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
পরে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, এই বাড়িটি সরকার বা রাজউকের সম্পত্তি নয়। অস্ট্রিয়ান যে ভদ্রমহিলার বাড়ি, তাঁর ছেলে আছে। সুতরাং এটি প্রাইভেট প্রোপার্টি। আইনে বলা আছে, কেউ অবৈধভাবে থাকলেও তাঁকে ৩০ দিনের নোটিশ দিতে হবে। সম্পূর্ণ অবৈধভাবে বাড়ি দখল করা হয়েছে।
শুনানির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নিম্ন আদালতে উনি (মওদুদ) ইতিমধ্যে একটি মামলা করেছেন। সিভিল কোর্টে মামলা চলমান থাকার সময় একটি রিট পিটিশন চলতে পারে না। আর এই মামলার কাহিনি অনেক বড়। বিস্তারিত শুনতে হবে। হাইকোর্ট বিভাগ তাই কোনো আদেশ দেননি।
গুলশান ২ নম্বরের ১৫৯ নম্বর বাড়িটি গত বুধবার ছাড়তে হয় মওদুদ আহমদকে।