মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষ ও অফিস ভাঙচুর এবং শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে স্থায়ীভাবে কেন বহিষ্কার করা হবে না, তিন কার্যদিবসের মধ্যে তার জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ ব্যাপারে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমানকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বহিষ্কৃত ছাত্ররা হলেন: তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের নুরুন্নবী সিদ্দিকী, কে এইচ আল আমিন, মো. সাইফুল ইসলাম, মো. শামছুল হক, দ্বিতীয় সেমিস্টারের মো. শামিমুল হক, হোসাইন মো. লিটন, চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মো. আবদুল্লাহ আল হাদী, মো. মাইনুল হাসান, মো. মাহবুব হাসান এবং প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের সজীব তালুকদার। প্রক্টর মুহাম্মদ উমর ফারুক জানান, ১২ সেপ্টেম্বর ক্রেডিট ফি কমানোর দাবিকে কেন্দ্র করে এফটিএনএস বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় চেয়ারম্যানসহ শিক্ষকদের লাঞ্ছিত এবং কক্ষ ও অফিস ভাঙচুর করেন। শিক্ষার্থীদের এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে অভিযুক্ত ওই ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামী শনিবার থেকে যথারীতি ক্লাস শুরু হবে বলেও জানান তিনি।