মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১২ অক্টোবর। টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে এই দিনটি পালন করবে। ১৯৯৯ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর সমাধির পাশেই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখানে দুটি অনুষদের অধীনে সাতটি বিভাগে এক হাজার ৭৯৭ জন শিক্ষার্থী লেখাপড়া করছেন। এ বছর আরও চারটি নতুন বিভাগ গণিত ও পরিসংখ্যান, রসায়ন, পদার্থ এবং বিবিএ চালু করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে এই বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে।শিক্ষার্থীরা জানান, অবকাঠামো, আবাসন, ল্যাবরেটরিসহ নানা সমস্যা রয়েছে এখানে। এ বিশ্ববিদ্যালয় এগারো বছরে পা রাখলেও কোনো বিভাগেই অধ্যাপক, সহযোগী অধ্যাপক নেই। সহকারী অধ্যাপক আর প্রভাষক দিয়ে চলছে পাঠদান। প্রক্টর মুহাম্মদ উমর ফারুক বলেন, ‘নানা সমস্যা ও প্রতিকূলতার মাঝেও বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে।’বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাস সাজানো হচ্ছে বর্ণাঢ্য সাজে। আজ মঙ্গলবার সকাল ১০টায় পায়রা ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হবে। মওলানা ভাসানী ঐতিহাসিক দরবার হলে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে উপাচার্য এম নূরুল ইসলাম বলেন, ‘আমাদের ক্যাম্পাস রাজনীতি ও ধূমপান মুক্ত। এটি শিক্ষার্থীদের মনে-প্রাণে বিশ্বাস করা প্রয়োজন। আর শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের অত্যন্ত আন্তরিক ও কর্তব্যপরায়ণ হতে হবে।’