জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের অর্ধশতাধিক শিক্ষার্থী ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়েছেন। গত ১০ থেকে ১২ দিনের মধ্যে শিক্ষার্থীরা এ রোগে আক্রান্ত হন। হলের একাধিক শিক্ষার্থী জানান, চারতলার ভবনের দুটি ব্লকে প্রায় ৮০০ শিক্ষার্থী রয়েছেন। তাঁদের মধ্যে ইতিমধ্যে অর্ধশতাধিক পেটের পীড়ায় ভুগছেন। এ সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। শিক্ষার্থীরা বিষয়টি হল প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে তাঁদের কাছে চিকিৎসা নিতে আসা পানিবাহিত নানা রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই মওলানা ভাসানী হলের শিক্ষার্থী। মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ খবির উদ্দিন জানিয়েছেন, পানির পাম্প থেকে হলের পানি সংরক্ষণের স্থান পর্যন্ত কয়েকটি স্থানে সমস্যা থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া কারিগরি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সবাইকে পানি ফুটিয়ে পান করার নির্দেশ দেওয়া হয়েছে।