মওলানা ভাসানীতে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাসের শেল ও গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র দিয়ারধানগড়া মহল্লার আবির হোসেনের সঙ্গে স্নাতক বিভাগের ছাত্র ভাঙ্গাবাড়ি মহল্লার মো. আলালের কথা-কাটাকাটি হয়। পরে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে কলেজের বাইরে মুজিব সড়কে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সংঘর্ষ মুজিব সড়ক, বানিয়াপট্টি, থানা রোড, পুরাতন পোস্ট অফিস সড়ক, জুবলি বাগান লেন, খলিফাপট্টিসহ কলেজের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২০টি গুলি, চারটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।