বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা ভাসানী স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। সব অন্যায়, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণ-আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটাতে হবে।মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইলের সন্তোষে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।দিবসটি উপলক্ষে গতকাল রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, মওলানা ভাসানী সারা জীবন ধরে যে প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, তারাই আজ মওলানা ভাসানীর উত্তরাধিকার দাবি করছে। বিএনপি তো বটেই, এখন জামায়াতও তাদের রাজনীতির প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর নাম ব্যবহার করছে। ইতিহাসের এই মহানায়ককে প্রতিক্রিয়াশীলদের সেই ব্যূহ থেকে বের করে নিয়ে আসতে হবে।মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ভোর থেকে সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে জনতার ঢল নামে। সকাল সাতটার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য এম নুরুল ইসলাম মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এরপর একে একে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) নেতারা সকালে মাজার জিয়ারত করে দোয়া করেন। পরে মাজার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভা করেন দলের নেতারা। অন্যদিকে ভোর থেকে ভাসানীর দরবার হলে উপস্থিত লোকজনের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়। এ ছাড়া মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে ভাসানীর বিভিন্ন আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করে। বিকেলে সেখানে আয়োজিত সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী কেবল বাংলাদেশের নয়, সারা দুনিয়ার মজলুম জনগণের নেতা। তিনি ছিলেন স্বাধীনতা-সংগ্রামের মহান নেতা, যিনি কাগমারী সম্মেলনে এ দেশের জনগণকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন।ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকায় আলোচনা সভা করে জাতীয় জনতা পার্টি ও জাতীয় গণতান্ত্রিক লীগ। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে মওলানা ভাসানীকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল।