মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। দিবসটি পালনে বিভিন্ন দল ও সংগঠন নানা আয়োজন ও কর্মসূচি হাতে নিয়েছে।
মওলানা ভাসানী দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য সারা জীবন আন্দোলন ও সংগ্রাম করেছেন। তিনি ছিলেন সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।
দিবসটি উপলক্ষে মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর রুহের মাগফিতার কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান শেখ আনোয়ারুল হকও বাণী দিয়েছেন।
দিবসটি পালনে ন্যাপ ভাসানী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মওলানা ভাসানীর মাজারে সকাল নয়টায় পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত এবং সকাল ১০টায় দরবার হলে আলোচনা সভা। এ ছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে টাঙ্গাইলের সন্তোষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ ও মুরিদানদের আধ্যাত্মিক আলোচনা।
এদিকে গতকাল বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকাল সাতটায় তারা ঢাকা থেকে টাঙ্গাইলের সন্তোষের উদ্দেশে যাত্রা করবে। সকাল ১০টায় সেখানে ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ এবং মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।