মকবুল আহমাদ রাজাকার ছিলেন: তদন্ত সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ রাজাকার ছিলেন তা স্পষ্ট বলে মন্তব্য করেছেন মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান। তিনি বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মকবুল আহমাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে।

তদন্ত সংস্থার ধানমন্ডি কার্যালয়ে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে আবদুল হান্নান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় মকবুল আহমাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে খবর প্রকাশিত হয়। ওই খবর গুরুত্বসহকারে নিয়ে তদন্ত সংস্থা প্রাথমিক তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত চলমান। ইতিমধ্যে তদন্তের বেশ অগ্রগতি হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।

আবদুল হান্নান খানের এ মন্তব্যকে ভিত্তিহীন ও মিথ্যা অভিহিত করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত। গতকাল জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, একাত্তরে মকবুল আহমাদ ফেনীর একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তখন তিনি রাজাকার বা রাজাকার কমান্ডার বা শান্তি কমিটির সংগঠক তো দূরের কথা, সাধারণ সদস্যও ছিলেন না। কাজেই মুক্তিযুদ্ধের সময় তাঁর মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ থাকার প্রশ্নই আসে না। মিথ্যা মামলায় জড়ানোর অসৎ উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করা হচ্ছে।

মৌলভীবাজারের তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত: গতকাল সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার সমন্বয়ক বলেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের বড়লেখার তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। তাঁরা হলেন আবদুল আজিজ ওরফে হাবলু (৬৪), মোহাম্মদ আবদুল মতিন (৬৩) ও আবদুল মান্নান ওরফে মনাই (৬৪)। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

তদন্ত সংস্থার সমন্বয়ক বলেন, মুক্তিযুদ্ধকালে এই তিনজন বড়লেখা থানার বিভিন্ন এলাকায় অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যা করেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। এই তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আবদুল আজিজ ও আবদুল মান্নান গত ২ মার্চ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আবদুল মতিন পলাতক। ২০১৪ সালের ১৬ অক্টোবর এই তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। মামলাটি তদন্ত করেছেন তদন্ত সংস্থার সহকারী পরিচালক শাহজাহান কবির। সাক্ষী করা হয়েছে ৪০ জনকে। আজিজ বর্তমানে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মতিন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। আর মান্নান মুক্তিযুদ্ধ চলাকালে ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) নেতা ছিলেন।