মকশবিলে আনন্দের ঢেউ, জিতে গেল নিউ বাংলার বাঘ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশবিলে গতকাল শুক্রবার বিকেলে ‘আজগর আলী সিকদার নৌকাবাইচ ও আলোচনা সভা’র আয়োজন করা হয়। থই থই পানিতে ঢেউ তুলে ছুটে চলা বাহারি নৌকার প্রতিযোগিতা নির্মল আনন্দ দেয় দর্শনার্থীদের। বাইচে ১৮টি নৌকার মধ্যে প্রথম পুরস্কার জিতে নেয় গাজীপুর সদরের মিরেরগাঁও এলাকার নিউ বাংলার বাঘ।
মকশবিলে প্রতিবছরই ব্যক্তিগতভাবে নৌকাবাইচের আয়োজন করেন কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
নৌকাবাইচ শুরুর আগে মকশবিলের পাশে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন নৌকাবাইচ উদ্যাপন কমিটির আহ্বায়ক আ. ওহাব মিয়া। বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খান প্রমুখ।
কামাল উদ্দিন সিকদার জানান, প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করা নিউ বাংলার বাঘ নৌকাকে দেওয়া হয় এক লাখ টাকা, দ্বিতীয় স্থান কোনাবাড়ী আহাকি এলাকার মা-বাবার দোয়া নৌকাকে দেওয়া হয় ৫০ হাজার এবং তৃতীয় স্থান মাইখা সিকদারের নৌকাকে দেওয়া হয় ২৫ হাজার টাকা। এ ছাড়া অন্য সব নৌকাকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাবাইচ দেখার জন্য দুপুরের পর থেকেই কয়েক হাজার মানুষ মকশবিলের পাশে জড়ো হতে থাকে। কয়েক শ নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে দর্শকেরা নৌকাবাইচ উপভোগ করে। শেষে বিকেল পাঁচটার দিকে মনিপুর এলাকার একটি নৌকা তলিয়ে যায়। অন্যরা তাদের উদ্ধার করেছে।