মক্কায় পৌঁছেই ওমরাহ করলাম
কোটি কোটি মুসলমান যে ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন, সেই আল্লাহর ঘর কাবা শরিফ দেখার পরম সৌভাগ্যের অধিকারী হতে যাচ্ছি আমরা। সারা বিশ্বের প্রতিপালকের মেহমান হয়ে মক্কা, মিনা, আরাফাত, মুজদালিফায় হাজির হয়ে বলব, ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়ালমুল্ক’ অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’
বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষ করে বিমানের বোয়িং ৭৭৭ বিজি ৩০৫৯ প্লেন উড়াল দিল জেদ্দার পথে।
যেহেতু মক্কায় যাব, তাই বিমানে ওঠার আগে হজ ক্যাম্পেই ইহরামের কাপড় পরে নিলাম।
বিমানটি ৩৬ হাজার ফুট উঁচুতে চলতে লাগল। দীর্ঘ সাত ঘণ্টা পর জেদ্দা বিমানবন্দরে গিয়ে নামলাম। বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সময়ের ব্যবধান তিন ঘণ্টা। ঘড়ির সময় তিন ঘণ্টা কমিয়ে নিলাম। একটি বাসে করে আমাদের নিয়ে যাওয়া হলো হজ টার্মিনালে। বিশাল টার্মিনাল, চারদিক খোলা। ঐতিহ্যবাহী তাঁবুর নকশায় করা ছাদ। এই হজ টার্মিনালের স্থপতি কিন্তু বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের সিয়ার্স টাওয়ারের স্থপতি ফজলুর রহমান খান, যিনি এফ আর খান নামে পরিচিত। গর্বে বুকটা ভরে গেল।
বিশাল হলঘরে বসার ব্যবস্থা। পরিচ্ছন্নতাকর্মী বাংলাদেশ, ভারত, পাকিস্তানের লোকজন। তারা ইনিয়ে-বিনিয়ে মোবাইল সিম বিক্রি করে। কিছু হজযাত্রী তাদের থেকে মোবাইল সিম কিনে দেশে প্রিয়জনদের কাছে ফোন করতে ব্যস্ত হয়ে পড়লেন।
একদল সৌদি স্বেচ্ছাসেবক দেখেই বোঝা যায়, এই কাজ তাঁরা নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করছেন। তাঁরা অবতরণ কার্ড, হেলথ কার্ড, পাসপোর্ট ইত্যাদি কাগজপত্র ঠিক আছে কি না বা পূরণ করা না থাকলে তা পূরণ করতে সহায়তা করছেন। এই হলঘরের পাশেই ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন পুলিশ হজ ভিসা দেখে ছবি ও আঙুলের ছাপ নিল। পাসপোর্টের নির্দিষ্ট পাতায় সিল দিয়ে দিল। ইতিমধ্যে বিমানের বেল্টে মালামাল চলে এসেছে। তারপর মোয়াল্লেমের কাউন্টার। (সৌদি আরবে বিমানবন্দরে নামার পর থেকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে হাজিদের মক্কা-মদিনায় পৌঁছানো, মক্কা-মদিনায় আবাসন, মিনা, মুজদালিফা, আরাফাতে থাকা, খাওয়া, যাতায়াতসহ সবকিছুর ব্যবস্থা যাঁরা করেন, তাঁদের বলা হয় মোয়াল্লেম। সৌদি আরবের নাগরিকেরাই হতে পারেন মোয়াল্লেম। প্রত্যেক মোয়াল্লেমের নির্দিষ্ট নম্বর আছে।) মোয়াল্লেমের কাউন্টার থেকে দেখে নিলেন, তাঁর অধীন কোন কোন হাজি সৌদি আরবে এসে পৌঁছেছেন।
জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে গেটের কাছে লেখা ‘নো এনট্রান্স ফর নন মুসলিম’। মক্কায় অমুসলিমরা প্রবেশ করতে পারে না। সব সময় পুলিশি প্রহরা থাকে। হজযাত্রীর গাড়ি হওয়ায় আমাদের গাড়ি চেকপোস্টে আটকায়নি। ঘণ্টা দুয়েক বাসযাত্রার পর আমরা পবিত্র মক্কা নগরে পৌঁছলাম। মক্কা গেট দেখে বুঝতে পারলাম, মক্কার কাছাকাছি চলে এসেছি। প্রথমে মোয়াল্লেমের অফিসের সামনে গাড়ি থামিয়ে আমাদের নাশতার প্যাকেট এবং পরিচিতিমূলক কবজিব্যান্ড দেওয়া হলো। তাঁরা বললেন, যত দিন সৌদি আরবে অবস্থান করবেন, তত দিনই হাতে রাখবেন। কবজিব্যান্ড হলুদ রঙের। কারণ, দক্ষিণ এশিয়ার হজযাত্রীদের জন্য হলুদ রং। মক্কা শরিফের আবহাওয়ায় যেটুকু উত্তাপ হবে মনে করেছিলাম, তার চেয়ে আবহাওয়া আরও ভালো বলেই অনুভূত হলো।
দুই ঘণ্টার পথ পেরিয়ে আমরা পবিত্র মক্কা নগরে পৌঁছালাম।
হজ তিন প্রকার—তামাত্তু, কিরান ও ইফরাদ। বেশির ভাগ হজযাত্রী তামাত্তু হজ করেন। যেহেতু তামাত্তু হজ করব, তাই মক্কায় পৌঁছে প্রথম কাজ হলো ওমরাহ করা। অর্থাৎ পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করে, সাফা মারওয়ায় সাতবার সায়ি করে, মাথা মুণ্ডন করে ইহরাম খুলে ফেলা।
পর্যাপ্ত বিশ্রাম নিয়ে অজু করে মসজিদুল হারামে (কাবা শরিফে) পৌঁছালাম। ঢুকলাম মাতাফে (কাবা শরিফের চারদিকে তাওয়াফের স্থানকে মাতাফ বা চত্বর বলে)। মেঝেতে বড় বড় সাদা পাথর বসানো। এই পাথরের বিশেষত্ব হলো, তীব্র তাপেও পাথর ততটা গরম হয় না।
মসজিদুল হারাম সম্প্রসারণের কাজ চলছে। কাবা শরিফের তাওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে। ভিড়ের কারণে হাজরে আসওয়াদ স্পর্শ বা চুমু দেওয়া সম্ভব না হলে ইশারায় চুমু দিতে হয়।
কাবা শরিফকে সাতবার প্রদক্ষিণ করতে ৫৫ মিনিটের মতো লাগল। ভিড় কম থাকলে ১৫ মিনিটেও করা যায়। তাওয়াফ শেষে দুই রাকাত নামাজ আদায় করলাম। নামাজ শেষে জমজম কূপের পানি খেলাম। মসজিদে কিছুদূর পর পর (ঠান্ডা, স্বাভাবিক) জমজমের পানি একাধিক জারে ভরে রাখা আছে। ইচ্ছা হলেই যাতে পানি পান করা যায়।
জমজমের পানি খেয়ে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সায়ি করলাম। অর্থাৎ সাফা মারওয়া সাতবার আসা-যাওয়া করলাম। জনশ্রুতি আছে, হজরত হাজেরা (আ.) এবং শিশুপুত্র ইসমাইল (আ.)-কে কাবার পাশে বড় একটি গাছের ছায়ায় রেখে যান হজরত ইব্রাহিম (আ.)। তখন কাবা শরিফের স্থানটি ছিল উঁচু একটি টিলার মতো। তাঁদের দিয়ে যান কিছু খেজুর আর এক মশক পানি। পানি ফুরিয়ে গেলে হজরত হাজেরা (আ.) পানির জন্য কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ছোটাছুটি করতে থাকেন। সাতবার ছোটাছুটির পর একটি আওয়াজ শুনে তিনি কাবার পাশে এসে দেখেন, চারদিকে ছড়িয়ে পড়ছে পানি। তিনি পানির উৎসের চারদিকে বালুর বাঁধ দেন। পরে খনন করে এই কূপকে আরও প্রশস্ত করেন হজরত ইব্রাহিম (আ.)।
দুই পাহাড়ের মধ্যে একটি জায়গায় এলে কিছুটা স্থান দৌড়াতে হয় এবং বাকি পথ হাঁটার রেওয়াজ। বিবি হাজেরা পানির জন্য যে জায়গাগুলোতে ছোটাছুটি করেছিলেন, এখন সেখানে ওমরাহ বা হজে হজযাত্রীরা দৌড়ান। এই পাহাড় দুটি এখন মসজিদুল হারামের অন্তর্ভুক্ত। সাফা পাহাড় থেকে সায়ি শুরু করতে হয় এবং সাতবার আসা-যাওয়ার পর মারওয়া পাহাড়ে গিয়ে শেষ করতে হয়।
জমজম টাওয়ারের বেসমেন্টে অনেক সেলুন। পাকিস্তানি নাপিত মাথা মুণ্ডন করে দিল ১০ রিয়ালে। ইহরামের কাপড় বদলে গোসল করে স্বাভাবিক পোশাক পরলাম। এভাবেই ওমরাহ শেষ হলো। হজের জন্য ৭ জিলহজ আবার ইহরামের কাপড় পরতে হবে।