মক্কায় হাজিরা যে বিড়ম্বনায় পড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ শেষ। বিমানের ফ্লাইট, মদিনায় যাওয়া ইত্যাদি কারণে হাজিরা মক্কায় অবস্থান করছেন। এখন নামাজসহ অন্যান্য ইবাদত করছেন।
মক্কায় কাবা শরিফ তাওয়াফ শেষ করে অথবা বাসা থেকে মসজিদুল হারামে নামাজ শেষে ভিড়ের কারণে গন্তব্য হারিয়ে ফেলেন অনেকেই। ঠিকানা বলতে পারলে স্থানীয়রাই তাঁদের গন্তব্যে পৌঁছে দেন। না বলতে পারলেই বিপদ। বাংলাদেশ থেকে অনেকেই এবার হজে এসেছেন, যাঁরা নিজের থাকার জায়গার নাম যেমন জানেন না, তেমনি কার সঙ্গে এসেছেন, তা-ও ঠিকমতো বলতে পারেন না—এঁদের জন্য বিড়ম্বনা বেশি।
গতকাল বৃহস্পতিবার গন্তব্য হারিয়ে মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ে এক ব্যক্তি অপেক্ষা করছিলেন সংশ্লিষ্ট এজেন্সির মক্কা প্রতিনিধির জন্য। কিন্তু মুঠোফোনে যোগাযোগ করা তাঁর জন্য দুরূহ হয়ে পড়ে।
হাজি সাহেব বলেন, ‘আমার বাড়ি নওগাঁ। হজে যেতে সুলতান নামের এক ব্যক্তির মাধ্যমে টাকা দিয়েছি। তাঁর বাড়ি কুমিল্লায়। আমার পরিচিত লোকেরা তাঁকে টাকা দিয়েছে, তাই আামিও টাকা দেই। হজে এসে জানলাম, আমরা ভিন্ন ভিন্ন দলে এসেছি। সুলতান না এসে আমাকে হজে পাঠিয়েছে। আজকে আমার বিপদে সে খবরও নেয় না।’
এই হাজির মতো অনেকেই জানেন না কীভাবে, কার সঙ্গে হজে এসেছেন। পরে অবশ্য অ্যাসোসিয়েশনস অব হজ এজেন্সিজ বাংলাদেশের (হাব) মাধ্যমে তিনি গন্তব্যে পৌঁছান।
বেসরকারি ব্যবস্থাপনায় হজে এসেছেন এমন অনেককেই প্রতিশ্রুতি দেওয়া হয় যে তাঁদের কাবা শরিফের কাছাকাছি রাখা হবে। তবে অনেক সময়ই তা রাখা হয় না।
হজযাত্রা নির্বিঘ্ন করতে কয়েকজন হজযাত্রীর জন্য একজন দলনেতা থাকেন। হাজিরা তাঁদের মোয়াল্লেম আবার কেউ কেউ মালুম বলেন। এ নিয়ে এজেন্সির সঙ্গে মোয়াল্লেমের চুক্তি থাকে। এই দলনেতারা নানা রকম সুবিধার কথা বলে তাঁদের এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের মক্কায় এনে উল্টো ব্যবহার করেন।
অনেক ক্ষেত্রে সমস্যায় পড়েন বয়োবৃদ্ধ (যাঁরা দলনেতার ওপর পুরোপুরি নির্ভরশীল) অথবা অসুস্থ হজযাত্রীরা। কারণ, হজ পালন করতে শুধু আর্থিক সংগতি নয়, শারীরিক সামর্থ্যও থাকা চাই।