মক্কার আদলে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা চান পরিবেশবাদীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মক্কা শরিফের আদলে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা চান পরিবেশবাদীরা। সেটা করতে হলে নগরের প্রতিটি এলাকায় বর্জ্য ফেলার সময় ও স্থান নির্ধারণ করতে হবে। নিয়ম না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থা থাকতে পারে। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) এক আলোচনা সভায় বক্তারা এ অভিমত দিয়েছেন। গতকাল সংগঠনের কলাবাগান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচকেরা বলেন, ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরই ঢাকা মহানগরসহ দেশের সর্বত্র কোরবানি ও এর বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার অভাবে মারাত্মক পরিবেশদূষণের সৃষ্টি হয়। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এ অবস্থা থেকে নগর ও নগরবাসীকে রক্ষা করার পাশাপাশি কোরবানির বর্জ্যকে সম্পদে পরিণত করা সম্ভব। পবিত্র মক্কাসহ বিভিন্ন স্থানে পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান রয়েছে। সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তির মাধ্যমে ধর্মীয় নির্দেশনা অনুযায়ী পশু কোরবানি করা হয়। এর ফলে দুর্গন্ধ ছড়ানো, রোগের প্রাদুর্ভাব ঘটা, পশুর চামড়ার যথাযথ সংরক্ষণ, বর্জ্যের ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিত করা যায়। ঢাকায় এই ব্যবস্থা খুব সহজেই করা সম্ভব।
পবার নির্বাহী সাধারণ সম্পাদক আবদুস সোবহানের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির চেয়ারম্যান আবু নাসের খান, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান, সহসম্পাদক আবুল হাসনাত ও স্থপতি শাহীন আজিজ।
বক্তারা বলেন, সরকার ঢাকা মহানগরের ৩৯৩টি স্থানকে কোরবানির জন্য নির্ধারণ করেছে। এটি একটি অগ্রগতি। ঈদের আগেই নগরের কোথায় কোথায় বর্জ্য কখন ফেলা হবে সিটি করপোরেশনকে তা চিহ্নিত করে দিতে হবে।