মক্কার নাক্কাসায় বাংলাদেশি বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাক্কাসায় শাকসবজির পসরা। ছবি: ফেরদৌস ফয়সাল
নাক্কাসায় শাকসবজির পসরা। ছবি: ফেরদৌস ফয়সাল

পবিত্র মক্কার মসজিদুল হারাম থেকে ইব্রাহিম খলিল রোড ধরে দুই কিলোমিটার দূরেই নাক্কাসা। বাংলাদেশি মানুষের পল্লি এই নাক্কাসা। অনেকে নাকাসাও বলেন। নাক্কাসা থেকে সবকিছু সুলভে কেনা যায়। সেখানে গিয়ে মনে হয়, যেন চট্টগ্রাম ও কক্সবাজারে আছি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সেখানে কথা বলা যায়।

নাক্কাসায় বাংলাদেশি শাকসবজি। ছবি: ফেরদৌস ফয়সাল
নাক্কাসায় বাংলাদেশি শাকসবজি। ছবি: ফেরদৌস ফয়সাল

সৌদি আরবের মক্কায় গিয়ে পাইকারি দামে বাংলাদেশি সবজি, ফল বা মাছ কিনতে চাইলে যেতে হবে নাক্কাসা এলাকায়। কেউ কেউ হালাকার (পাইকারি বাজার) কথা বলবেন। সেখানে কার্টন ধরে সব কিনতে হয়।

নাক্কাসার বাজারে মুরগিও বিক্রি হয়। ছবি: ফেরদৌস ফয়সাল
নাক্কাসার বাজারে মুরগিও বিক্রি হয়। ছবি: ফেরদৌস ফয়সাল

রাস্তায় পানবিক্রেতাও অনেক। আশ্চর্যের কথা হলো, তাঁরা শুধু পানই বিক্রি করেন। ক্ষেত্রবিশেষে দুই বা তিন খিলি পানের দাম এক রিয়াল। পিচিক করে পানের রস ফেলার দৃশ্যও হরহামেশা চোখে পড়ে।

চলছে মুরগি কাটাকুটির কাজ। ছবি: ফেরদৌস ফয়সাল
চলছে মুরগি কাটাকুটির কাজ। ছবি: ফেরদৌস ফয়সাল

নাক্কাসার রাস্তাঘাটের অবস্থা আমাদের দেশের মতোই। সবকিছুই বাংলাদেশি। ফুটপাতের দোকান, কাঁচাবাজার, হোটেল—সবই। কাঁচাবাজারে আলু, বেগুন, লতি, ধনেপাতা, ঝিঙে, কাঁচামরিচ, ফুলকপি, মিষ্টি কুমড়া, লাউসহ নানা ধরনের শাকসবজি মেলে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সবই এখানে পাওয়া যায়। সেগুলো একেবারে দেশি। দোকানদার, ক্রেতা সবাই বাংলাদেশি। দেশের মাছ, মাংস, তরকারি সবই পাওয়া যায়।

মুরগি কাটছেন এক ব্যক্তি। ছবি: ফেরদৌস ফয়সাল
মুরগি কাটছেন এক ব্যক্তি। ছবি: ফেরদৌস ফয়সাল

বাজারে বড় মুরগি পাওয়া যায়। কেটে পরিষ্কার করে দেবে। মুরগি প্রতিটি ১০ রিয়াল। কেটে টুকরো করে দেবে ওই অর্থের মধ্যেই। মুরগি কাটার জোগাড় দেখে মনে হলো—আমাদের দেশে গরু-ছাগল কাটতেও এত যন্ত্রপাতি ব্যবহার করা হয় না।

নাক্কাসায় বিকেলে মেলে হরেক পদের নাশতা। ছবি: ফেরদৌস ফয়সাল
নাক্কাসায় বিকেলে মেলে হরেক পদের নাশতা। ছবি: ফেরদৌস ফয়সাল

নানান দেশের ফলমূল পাবেন এখানে। আমাদের দেশে মৌসুম শেষ হলেও এখানে তরমুজ-আম পাবেন। পিয়ারস, কিউই, আলুবোখারা, শাম্মাম, আপেল, আঙুর, নাশপতি, কমলা, কলাসহ নানা জাতের ফল এখানে আছে। দামও কম। দেশি মাছ, সামুদ্রিক মাছ সবই পাওয়া যায়। বিকেলে গেলে মিলবে ছোলা, বুট, মুড়ি পেঁয়াজু, কাবাব, চপসহ হরেক পদের নাশতা।

খাবার হোটেলে দেশীয় পদ্ধতিতে রান্না করা কোরালসহ নানা সামুদ্রিক মাছের তরকারি পাওয়া যায়।