মক্কায় আসছেন হজযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। তাই হজ পালনের উদ্দেশে সারা বিশ্ব থেকে সৌদি আরবে প্রতিদিনই হজযাত্রী এসে পৌঁছাচ্ছেন। যাঁরা হজের আগে মদিনা যাবেন, তাঁরা জেদ্দা থেকে নেমে বাসে করে মদিনা যাচ্ছেন।

মক্কায় কথা হলো নওগাঁর পত্নীতলা থেকে আসা আবদুল মান্নান ও তাঁর স্ত্রী নাজমা বেগম দম্পতির সঙ্গে। তাঁরা বললেন, ‘কাবা শরিফ দেখার পরম সৌভাগ্যের অধিকারী হয়েছি আমরা। আমরা আল্লাহর ঘরের মেহমান। সারা বিশ্বের প্রতিপালকের মেহমান হয়ে মক্কা, মিনা, আরাফাত, মুজদালিফায় হাজির হয়ে বলব, লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননিমাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক, অর্থাৎ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজারজন পবিত্র হজ পালন করতে আসবেন। জেদ্দা বিমানবন্দর সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বাংলাদেশ থেকে এক লাখ হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন।

বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে সৌদি স্বেচ্ছাসেবকেরা নিষ্ঠার সঙ্গে তাঁদের সাহায্য করছেন। স্বেচ্ছাসেবকেরা অবতরণ কার্ড, হেলথ কার্ড, পাসপোর্ট ইত্যাদি কাগজপত্র ঠিক আছে কি না বা পূরণ করা না থাকলে তা পূরণ করতে সহায়তা করছেন। ইমিগ্রেশন কাউন্টারে পুলিশ হজ ভিসা দেখে ছবি ও আঙুলের ছাপ নিল। এবারও সৌদি আরবে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপও পাসপোর্ট ভিসা দেখে নিয়ে সিম বিক্রি করা হচ্ছে। কয়েকজন হজযাত্রী তাঁদের থেকে মোবাইল সিম কিনে দেশে প্রিয়জনদের কাছে ফোন করতে ব্যস্ত হয়ে পড়লেন।

হজ টার্মিনালে বয়স্ক ব্যক্তিদের যে সমস্যা বেশি হয়, তা হলো শব্দদূষণ। অর্থাৎ, প্রতি মিনিটে একাধিক বিমান ওঠানামা করার শব্দের কারণে কারও কারও সমস্যা হতে পারে। রয়েছে ক্যাফেটেরিয়া, সৌদি ডাক্তার, নার্সসহ মেডিকেল সেন্টার (বাংলাদেশ হজ কার্যালয়ে চিকিৎসক রয়েছেন)। বাংলাদেশ হজ কার্যালয়ে স্বেচ্ছাসেবকেরা হজযাত্রীদের বাসে উঠতে সহায়তা করছেন। প্রতিটি বাসে ৪৫ জন করে আসন গ্রহণ করেন। ভারী মালামাল আলাদা গাড়িতে তোলা হয়। হালকা মালপত্র হাতের কাছেই থাকে। ৪৫ জন করে হজযাত্রী একেকটি বাসে পূর্ণ করে মক্কায় মোয়াল্লেমের কার্যালয়ে চলে আসেন। মোয়াল্লেম কার্যালয়ের আনুষ্ঠানিকতা সেরে নিজ নিজ বাসায় নামিয়ে দেয় বাস।

গতকাল পর্যন্ত ২০ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে, চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

হজযাত্রীদের মক্কায় পৌঁছে প্রথম কাজ হলো ওমরাহ করা। বেশির ভাগ হজযাত্রী তামাত্তু হজ করেন। তাই মক্কায় পৌঁছে ওমরাহ করছেন হজযাত্রীরা। অর্থাৎ, কাবা শরিফ সাতবার চক্কর দেওয়া, সাফা মারওয়া পাহাড় সাতবার দৌড়ানো, মাথা মুণ্ডন করে ইহরামের কাপড় ছেড়ে স্বাভাবিক কাপড় পরা। সৌদি আরবে দিনের বেলা গরম প্রচুর, তাই বাইরে বের হলে কেউ কেউ ছাতা ব্যবহার করছেন।

ময়মনসিংহ ফুলপুর থেকে বাবা–মায়ের সঙ্গে হজ করতে এসেছে আট বছর বয়সী মামুন। মামুন বলল, ‘মক্কা আসার আগে টিভিতে ওমরাহ করতে দেখেছি। বাবা-মা যা যা করছেন, তাঁদের দেখে আমিও তাই করছি। অন্য রকম অনুভূতি।’

এবারও অজু করে মসজিদুল হারামে (কাবা শরিফে) পৌঁছালাম। ঢুকলাম মাতাফে (তাওয়াফের স্থানকে মাতাফ বা চত্বর বলে)। মেঝেতে বড় বড় সাদা পাথর বসানো। কাবা শরিফের তাওয়াফ শুরু করতে হয় হাজরে আসওয়াদ থেকে। ভিড়ের কারণে সম্ভব না হলে ইশারায় চুমু দিতে হয়। আবার হাজরে আসওয়াদ এসে চক্কর শেষ হয়। হাতে সাত দানার তসবি অথবা গণনাযন্ত্র থাকলে সাত চক্কর ভুল হবে না। এ সময় মনে যে দোয়া, সুরা, আয়াত আসে, তা দিয়ে দোয়া করা যায়। কাবা শরিফকে সাতবার প্রদক্ষিণ করতে ২০ মিনিটের মতো লাগল। ভিড় কম ছিল। তাওয়াফ শেষে দুই রাকাত নামাজ আদায় করলাম। নামাজ শেষে জমজম কূপের পানি খেলাম। জমজমের পানি খেয়ে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাঈ করলাম। অর্থাৎ, সাফা মারওয়া সাতবার আসা-যাওয়া করলাম।

জনশ্রুতি আছে, হজরত হাজেরা (আ.) এবং শিশুপুত্র ইসমাইল (আ.)-কে কাবার পাশে বড় একটি গাছের ছায়ায় রেখে যান হজরত ইব্রাহিম (আ.)। তখন কাবা শরিফের স্থানটি ছিল উঁচু একটি টিলার মতো। তাঁদের দিয়ে যান কিছু খেজুর আর এক মশক পানি।পানি ফুরিয়ে গেলে হজরত হাজেরা (আ.) পানির জন্য কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ছোটাছুটি করতে থাকেন। সাতবার ছোটাছুটির পর একটি আওয়াজ শুনে তিনি কাবার পাশে এসে দেখেন, চারদিকে ছড়িয়ে পড়ছে পানি। এভাবে জমজম কূপের সৃষ্টি হয়। দুই পাহাড়ের মধ্যে একটি জায়গায় এলে কিছুটা স্থান দৌড়াতে হয় এবং বাকি পথ হাঁটার রেওয়াজ। বিবি হাজেরা পানির জন্য যে জায়গাগুলোতে ছোটাছুটি করেছিলেন, এখন সেখানে ওমরাহ বা হজে হজযাত্রীরা দৌড়ান। এই পাহাড় দুটি এখন মসজিদুল হারামের অন্তর্ভুক্ত। সাফা পাহাড় থেকে সাঈ শুরু করতে হয় এবং সাতবার আসা-যাওয়ার পর মারওয়া পাহাড়ে গিয়ে শেষ করতে হয়। জমজম টাওয়ারের বেসমেন্টে অনেক সেলুন। পাকিস্তানি নাপিত দরদাম করে ৭ রিয়ালে মাথা মুণ্ডন করে দিল। ইহরামের কাপড় বদলে গোসল করে স্বাভাবিক পোশাক পরলাম। এভাবেই ওমরাহ শেষ হলো। হজের জন্য ৭ জিলহজ আবার ইহরামের কাপড় পরতে হবে।