মক্কায় নিরাপত্তা আরও জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ উপলক্ষে মক্কার চারপাশে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এখন মক্কায় ঢুকতে পাসপোর্ট অথবা আকামা (কাজের অনুমতিপত্র) দেখাতে হয়। পথঘাটে চলছে তল্লাশি। তাই সঙ্গে পরিচয়পত্র রাখতেই হচ্ছে।

কাবা শরিফের নিরাপত্তার জন্য এর ভেতরে ও বাইরে অসংখ্য ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও নিরাপত্তার যন্ত্রপাতি বসানো আছে। মুসল্লিদের নিরাপত্তার জন্য সাদাপোশাকে ও পোশাক পরা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার লোকজন মসজিদের প্রবেশপথে এবং ভেতরে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। মসজিদের ভেতর চিকিৎসাসেবা কেন্দ্রে পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী ও বাইরে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স রয়েছে।
দিন-রাত অসংখ্য মানুষ কাবা শরিফে তাওয়াফ করছেন। ভিড়ের কারণে কেউ পথ হারালে তাঁকে গন্তব্যে পৌঁছে দেন মক্কার স্থানীয় লোকজন। বাংলাদেশ হজ মিশনের কর্মীরাও হাজিদের সাহায্য করছেন।
গতবার হজের সময় মসজিদুল হারাম সম্প্রসারণের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেন ভেঙে শতাধিক মানুষ নিহত হন। তারপর থেকে মসজিদুল হারামসহ মক্কায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মক্কায় দীর্ঘদিন ধরে বসবাস করেন হাফিজুর রহমান। তিনি জানালেন, দুর্ঘটনার পর অনেক দিন ক্রেন চালানো বন্ধ ছিল। এখান থেকে বেশির ভাগ ক্রেন সরিয়ে ফেলা হয়েছে। দ্রুত কাজ সারার জন্য সম্প্রতি তা সীমিত আকারে চালু হয়েছে। সরেজমিনে দেখা গেল, কয়েকটি ক্রেন চালু আছে। তার চারপাশ ঘিরে রেখেছেন নিরাপত্তাকর্মীরা। নির্মাণশ্রমিক ছাড়া কেউ তার চারপাশে প্রবেশ করতে পারেন না। দুর্ঘটনার স্থান বা ওই ঘটনা নিয়ে হজযাত্রীরা মাথা ঘামাচ্ছেন না। সিরাজগঞ্জ কামারখন্দ আলোকদিয়ার গ্রাম থেকে আসা মাহবুব হোসেন জানালেন, দুর্ঘটনার কোনো প্রভাব নেই। সবাই কাবা শরিফসংলগ্ন মসজিদুল হারামে তাওয়াফ, সাঈ, উমরাহ কিংবা ইবাদতে ব্যস্ত।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়িফ জানিয়েছেন, হজের নিরাপত্তার জন্য দমকল বাহিনীর ১ হাজার ৭০০ কর্মী আনুষঙ্গিক সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছেন।