মক্কায় পৌঁছেই ওমরাহ করলাম

আমাদের বাস এগিয়ে চলেছে মক্কা শহরের দিকে। আমরা চলেছি বিশ্বমানবতার দিশারি ও শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মভূমি আর ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র পবিত্র মক্কায়।
জেদ্দা থেকে মক্কা যাওয়ার পথে গেটের কাছে লেখা ‘নো এনট্রান্স ফর নন মুসলিম’। মক্কায় অমুসলিমরা প্রবেশ করতে পারেন না। সব সময় পুলিশি পাহারা থাকে। অন্য সময় দুই ঘণ্টা লাগলেও এবার তিন ঘণ্টায় আমরা পবিত্র মক্কা নগরে পৌঁছালাম। মক্কা গেট দেখে বুঝতে পারলাম, মক্কার কাছাকাছি চলে এসেছি। প্রথমে মোয়াল্লেমের অফিসের সামনে গাড়ি থামিয়ে আমাদের নাশতার প্যাকেট ও পরিচিতিমূলক রিস্টব্যান্ড (কবজিবন্ধনী) দেওয়া হলো। তাঁরা বললেন, যত দিন সৌদি আরবে অবস্থান করবেন, তত দিনই হাতে রাখবেন। এটা হলুদ রঙের। কারণ, দক্ষিণ এশিয়ার হজযাত্রীদের জন্য হলুদ রং।
হজ তিন প্রকার—তামাত্তু, কিরান ও ইফরাদ। বেশির ভাগ হজযাত্রী তামাত্তু হজ করেন। যেহেতু তামাত্তু হজ করব, তাই মক্কায় পৌঁছে প্রথম কাজ হলো ওমরাহ করা। অর্থাৎ পবিত্র কাবা সাতবার তাওয়াফ করে, সাফা-মারওয়ায় সাতবার সাঈ করে, মাথা মুণ্ডন বা চুল ছেঁটে ইহরাম খুলে ফেলা। কাবাঘর ঘিরে সুবিশাল মসজিদুল হারাম শরিফ। সব পরিচ্ছন্ন, পরিপাটি, চমৎকার।
এখন কয়েক ধাপ সিঁড়ি বেয়ে নিচে মাতাফে নামতে হবে। তালবিয়া পাঠ বন্ধ করে মাতাফ বা মূল চত্বরে চলে আসি। মাতাফের (কাবা শরিফের চারদিকে তাওয়াফের স্থানকে মাতাফ বা চত্বর বলে) মেঝেতে বড় বড় সাদা পাথর বসানো। এই পাথরের বিশেষত্ব হলো, তীব্র তাপেও পাথর ততটা গরম হয় না। আগে শুনেছি, এই পরশপাথরে চুমু দিতে অনেক ভিড় ঠেলতে হয়। আমরা ভাগ্যবান। বেশি কষ্ট না করে চলে এলাম কাবা শরিফের দক্ষিণ-পূর্ব কোণে হাজরে আসওয়াদের কাছে। তাওয়াফ এখান থেকে শুরু এবং এখানেই শেষ।
ওমরাহর ফরজ দুটি। ইহরাম পরা ও ওমরাহর তাওয়াফ। ওয়াজিব দুটি, সাঈ ও মাথা মুণ্ডন। এবার তাওয়াফ শুরু করতে হবে। হাজরে আসওয়াদে চুমু দিয়ে ঘড়ির কাঁটার উল্টো দিকে কাবা শরিফ প্রদক্ষিণ শুরু করি। আস্তে আস্তে, সাবধানে পা ফেলছেন সবাই। সবাই শ্রদ্ধাবনত। দোয়া পড়ছেন মনে মনে।
কাবা শরিফকে সাতবার প্রদক্ষিণ করতে ৫৫ মিনিটের মতো লাগল। ভিড় কম থাকলে ১৫ মিনিটেও করা যায়।
সাত চক্কর তাওয়াফ শেষে দুই রাকাত নামাজ আদায় করলাম। এরপর জমজমের পানি পান করে চলে গেলাম সাফা পাহাড়ের কাছে সাঈ করতে। সাফা-মারওয়া পাহাড়ের পথে সবুজ চিহ্নিত স্থান রয়েছে, সেখানে দৌড়াতে হয়। সাফা থেকে মারওয়ায় পৌঁছালে এক দৌড় পূর্ণ হয়। আবার মারওয়া থেকে সাফায় পৌঁছালে আরেক দৌড় পূর্ণ হয়। উল্লেখ আছে, হজরত হাজেরা (আ.) এবং শিশুপুত্র ইসমাইল (আ.)-কে কাবার পাশে বড় একটি গাছের ছায়ায় রেখে যান হজরত ইবরাহিম (আ.)। তখন কাবা শরিফের স্থানটি ছিল উঁচু একটি টিলার মতো। তাঁদের দিয়ে যান কিছু খেজুর আর এক মশক পানি। পানি ফুরিয়ে গেলে হজরত হাজেরা (আ.) পানির জন্য কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ছোটাছুটি করতে থাকেন। সাতবার ছোটাছুটির পর একটি আওয়াজ শুনে তিনি কাবার পাশে এসে দেখেন, চারদিকে ছড়িয়ে পড়ছে পানি। তিনি পানির উৎসের চারদিকে বালুর বাঁধ দেন। পরে খনন করে এই কূপকে আরও প্রশস্ত করেন হজরত ইবরাহিম (আ.)। দুই পাহাড়ের মধ্যে একটি জায়গায় এলে কিছুটা স্থান দৌড়াতে হয় এবং বাকি পথ হাঁটার রেওয়াজ। বিবি হাজেরা পানির জন্য যে জায়গাগুলোতে ছোটাছুটি করেছিলেন, এখন সেখানে ওমরাহ বা হজযাত্রীরা দৌড়ান। এই পাহাড় দুটি এখন মসজিদুল হারামের অন্তর্ভুক্ত। সাফা পাহাড় থেকে সাঈ শুরু করতে হয় এবং সাতবার আসা-যাওয়ার পর মারওয়া পাহাড়ে গিয়ে শেষ করতে হয়।
এভাবে সাতটি দৌড় শেষ করলাম। জমজম টাওয়ারের বেসমেন্টে অনেক সেলুন। পাকিস্তানি নাপিত মাথা মুণ্ডন করে দিলেন ১০ রিয়ালে। ইহরামের কাপড় বদলে গোসল করে স্বাভাবিক পোশাক পরলাম। এভাবে ওমরাহ শেষ হলো। হজের জন্য ৭ জিলহজ আবার ইহরামের কাপড় পরতে হবে।