মগবাজার গার্লস স্কুল হঠাৎ বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনাস্থা জানানোর তিন দিন পর হঠাৎ বন্ধ ঘোষণা করা হলো বিদ্যালয়টি। গতকাল সোমবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষার্থী ও অভিভাবকেরা স্কুল বন্ধের নোটিশ এবং ফটকে তালা দেখেন। এর প্রতিবাদে তাঁরা সড়কে অবস্থান নেন।
বিদ্যালয়টির একাধিক শিক্ষক ও অভিভাবক অভিযোগ করেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ২১ মের পর থেকে বিদ্যালয় বন্ধ থাকার কথা। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিশাত আফরোজ একক সিদ্ধান্তে সোমবার থেকে স্কুল বন্ধের ঘোষণা দেন৷ প্রধান শিক্ষিকার বয়স ৬০ বছর হয়ে যাওয়ায় নিয়মানুযায়ী তাঁর অবসরে যাওয়ার কথা। কিন্তু স্কুলের ব্যবস্থাপনা কমিটি বিধিবহির্ভূতভাবে তাঁর চাকরির মেয়াদ এক বছর বাড়ায়। তাঁর বিরুদ্ধে ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার এবং আর্থিক অনিয়মেরও অভিযোগ রয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ১৪ মে শিক্ষক ও অভিভাবকেরা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনাস্থা জানান।
তিন দিন পর গতকাল সকালে বিদ্যালয়ে গিয়ে ফটকে তালা লাগানো এবং বন্ধের নোটিশ ঝোলানো দেখতে পান ছাত্রী ও শিক্ষকেরা। এ ঘটনার প্রতিবাদে সামনের রাস্তায় অবস্থান নেন তাঁরা। সকাল সাড়ে ১০টার দিকে রমনা থানার ওসি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কাজল গিয়ে তাঁদের বুঝিয়ে শান্ত করেন।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে অন্য শিক্ষকদের দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরেই আজকের ঘটনা ঘটেছে।
জানতে চাইলে প্রধান শিক্ষিকা নিশাত আফরোজ বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজীর সঙ্গে কথা বলে তিনি বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আর কিছু জানতে চাইলে তাঁর সঙ্গে কথা বলেন। তিনি বললে কথা বলব।’