মগবাজার-মৌচাক উড়ালসড়কের একাংশ চালু হচ্ছে বুধবার

মগবাজার-মৌচাক উড়ালসড়কের সাত রাস্তা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অংশে যান চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।
উড়ালসড়কটির প্রকল্প পরিচালক নাজমুল আলম প্রথম আলোকে বলেন, সাতরাস্তা থেকে হলি ফ্যামিলি অংশের কাজ শতভাগ শেষ হয়েছে। তাই আগামী বুধবার যান চলাচলের জন্য অংশটি খুলে দেওয়া হচ্ছে।
উড়ালসড়কের এই অংশের নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে সিমপ্লেক্স-নাভানা। ২ দশমিক ১১ কিলোমিটার দীর্ঘ এই অংশ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২১২ কোটি টাকা। প্রথম দফায় ২০১৪ সালে এবং পরে ২০১৫ সালের ডিসেম্বরে এ অংশের কাজ শেষ করার কথা ছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে আজ শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, উড়ালসড়কের এই অংশের মূল কাজ শেষ হয়েছে। বসানো হয়েছে সড়কবাতি। তবে সৌন্দর্যবর্ধনসহ কিছু কাজ এখনো বাকি রয়েছে। সাতরাস্তার যে অংশ দিয়ে যানবাহন উড়ালসড়কে উঠবে এবং নামবে সেই অংশে চলছে পিচ ঢালাইয়ের কাজ। সাতরাস্তা হয়ে মহাখালী যাওয়ার সড়কটি ঢালাইয়ের জন্য প্রস্তুত করছেন কয়েকজন শ্রমিক। উড়ালসড়কে লাগানো পোস্টার অপসারণ করছেন অন্য দুজন। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমপ্লেক্স-নাভানার কর্মচারী রেজাউল করিম বলেন, উড়ালসড়কের নিচের সড়ক মেরামত, সড়ক বিভাজক বসানোসহ অল্প কিছু কাজ বাকি রয়েছে। সবাই দিন-রাত কাজ করছেন। বুধবারের আগেই সব কাজ শেষ হয়ে যাবে।
মগবাজার-মৌচাক উড়ালসড়কটির নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। তিন ভাগে বিভক্ত একটি অংশের কাজ শেষ হলেও অন্য দুই অংশের কাজ এখনো অনেক বাকি।
চার লেনের এই উড়ালসড়কে ওঠানামার জন্য সাতরাস্তা, সোনারগাঁও হোটেলের পাশে, মগবাজার, হলি ফ্যামিলি হাসপাতাল, মালিবাগ, রাজারবাগ পুলিশ লাইনস ও শান্তিনগর মোড়ে লুপ রাখা হয়েছে। উড়ালসড়কটি চালু হলে এই এলাকায় যানজট কমবে বলে অনেকের প্রত্যাশা। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় কয়েক বছর ধরে ওই এলাকা দিয়ে চলাচলকারী লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
উড়ালসড়কটির অন্য দুই অংশের কাজ কবে শেষ হবে জানতে চাইলে প্রকল্প পরিচালক নাজমুল আলম প্রথম আলোকে বলেন, উড়ালসড়কের ইস্কাটন থেকে মৌচাক অংশের কাজ আগামী জুন মাসে এবং অবশিষ্ট অংশের কাজ আগামী ডিসেম্বরে শেষ হবে।