মগবাজারে গুলি করে আনসার সদস্যকে হত্যা
রাজধানীর মগবাজারে ওয়ারল্যাস টিঅ্যান্ডটি কলোনির সামনে গতকাল বুধবার রাতে দায়িত্বরত এক আনসার সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম আবদুল আলীম (২৮)। বাড়ি গাইবান্ধায়। তাঁর বাবার নাম মির্জা ফকির।
আবদুল আলীম টিঅ্যান্ডটি কলোনির আইপিএস কারখানায় আনসার সদস্য হিসেবে কাজ করতেন। এ ঘটনায় কারখানার এক মালিককে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাতে পাঁচ-ছয়জন যুবক কারখানার অন্যতম মালিক আহাদকে খুঁজতে থাকেন এবং কারখানায় ঢুকতে চান। আলীম এ সময় বাধা দিলে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ওই যুবকেরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। আলীমের বুকে, বাম হাতে ও গলায় গুলি লাগে। আলীম মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের ভাষ্য, সন্ত্রাসীরা আলীমকে হত্যা করতে আসেনি। তারা কোম্পানির অন্যতম মালিক আহাদকে খুন করতে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। কয়েক দিন আগে কারখানার আরেক মালিক রমিজ উদ্দিনের সঙ্গে আহাদের ঝগড়া হয়েছিল। এ সময় আলীমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় রমিজকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।