মগবাজারে গুলিবিদ্ধ অটোরিকশা চালকও মারা গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের গুলিতে আহত দৈনিক জনকণ্ঠের সিএনজিচালিত অটোরিকশাচালক ইয়াকুব সিকদার (৪০) গতকাল বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওই ঘটনায় গুলিবিদ্ধ রিকশাচালক আবদুল হাকিম ১৫ এপ্রিল একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১৩ এপ্রিল দিবাগত রাত দুইটার দিকে মগবাজারে দিলু রোডের সামনের সড়কে দুর্বৃত্তরা গুলি ছুড়লে ইয়াকুব ও হাকিম আহত হন। গতকাল পর্যন্ত পুলিশ ওই গুলিবর্ষণকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হামলার কারণও জানাতে পারেনি।
রমনা থানার পুলিশ জানায়, ঘটনার রাতে আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর রিকশাচালক মির্জা বলেছিলেন, রাত দুইটার দিকে কয়েকজন ব্যক্তি কালো রঙের একটি মাইক্রোবাসে করে এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত বাংলামোটরের দিকে চলে যায়। এতে হাকিম ও ইয়াকুব গুলিবিদ্ধ হন।
ইয়াকুবের স্ত্রী সালমা জানান, ওই রাতে ইয়াকুব জনকণ্ঠ কার্যালয় থেকে অটোরিকশা নিয়ে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। ইয়াকুব সপরিবারে খিলগাঁওয়ের নন্দীপাড়ার বটতলায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জে। বাবার নাম আরব শেখ।
গতকাল রাতে যোগাযোগ করা হলে পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, হামলার একটি কারণ পাওয়া গেছে। তবে সেটি বলা যাবে না। হামলাকারী গ্রেপ্তার হলে এ বিষয়ে জানানো হবে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, মদ্যপ এক ব্যক্তি গুলি চালিয়েছিলেন। তাঁকে শনাক্ত করা গেছে, এখন তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ঝুলন্ত লাশ উদ্ধার: খিলক্ষেতে বিশ্বরোড রেললাইনসংলগ্ন একটি গাছ থেকে গতকাল সকালে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা ছিল।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক জানান, পেছনে দুই হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় বিশ্বরোডের রেললাইনসংলগ্ন মাজারের পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাঁর নাম-পরিচয় স্থানীয় লোকজন জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে, কেউ হত্যা করে তাঁর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।
গাড়ির ধাক্কায় নিহত: ভোরে ধানমন্ডির সাতমসজিদ রোডে একটি খাবারের দোকানের সামনে প্রাইভেট কারের ধাক্কায় জসিমউদ্দিন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। রাস্তা ঝাড়ু দেওয়ার সময় গাড়িটি তাঁকে ধাক্কা দেয়।
ধানমন্ডি থানার এসআই মো. আলমগীর জানান, জসিমকে ধাক্কা দিয়ে চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। জসিম জিগাতলায় থাকতেন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায়।
ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু: গত বুধবার সন্ধ্যায় দক্ষিণখানের মোল্লারটেকে একটি ভবনের সাততলা থেকে পড়ে গুরুতর আহত হন চীনের নাগরিক সিং ইয়েন হন (৭৩)। তাঁকে বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
দক্ষিণখান থানার এসআই তাপস কুমার ওঝা জানান, তিনি সোয়ান গ্রুপে কর্মরত ছিলেন।