মগবাজারে ছাত্রলীগের সাবেক নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রমনা থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান ওরফে রানাকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি রমনা থানা শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা রামদা ও দুটি ককটেল উদ্ধার করেছে। তবে হত্যার ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রমনা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মগবাজার মসজিদ গলি দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মাহবুবুর। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া দুজন এবং সিএনজিচালিত দুটি অটোরিকশাযোগে আরও কয়েকজন এসে মাহবুবুরের ওপর হামলা করেন। তাঁরা মাহবুবুরের মুখে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান। এতে গুরুতর আহত হন মাহবুবুর। পরে হামলাকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে অটোরিকশাযোগে দ্রুত পালিয়ে যান।
মাহবুবুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত আটটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।