মগবাজারে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশের গুলিতে রবিউল ইসলাম ওরফে নয়ন (২৬) নামের ছাত্রদলের এক নেতা আহত হয়েছেন। পুলিশি পাহারায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ওয়ার্ড পর্যায়ের নেতা বলে জানা গেছে।
পুলিশি হেফাজতে থাকা রবিউল প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি মগবাজারের একটি হোটেলে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় পুলিশ তাঁকে ধরে বৈকালি আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে যায়। ওই কক্ষে পুলিশ তার বাঁ পায়ের হাঁটুতে পিস্তল ঠেকিয়ে গুলি করে। তবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, রবিউল পুলিশকে লক্ষ্য করে গুলি করেছিলেন। এর জবাবে পুলিশের পাল্টা গুলিতে তিনি আহত হন। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। তিনি রমনা ও শাহবাগ থানার গাড়ি পোড়ানোর চারটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
পুলিশের কর্মকর্তারা বলেন, রবিউল আগে ঢাকার রায়েরবাজার এলাকায় থাকতেন। বছর খানেক আগে তিনি ঢাকার বাসা ছেড়ে বগুড়ায় তাঁর বাড়িতে চলে যান। ঢাকা ও বগুড়ায় রবিউলের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।