মগবাজারে বাণিজ্যিক ভবনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বড় মগবাজারে গতকাল রোববার দুপুরে বাণিজ্যিক ভবন এস কে টাওয়ারে আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। ভবনের পাশের বিলবোর্ডে ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি থেকে ঘটনার সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, বেলা একটার দিকে ওই ভবনের পাঁচতলায় আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুন পাঁচতলার বেশ কিছু জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনে থাকা লোকজন দ্রুত বাইরে বের হয়ে আসেন। এ সময় সামনের সড়কে থাকা পথচারী ও যানবাহনের যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। মগবাজার মোড় থেকে এফডিসি মোড় পর্যন্ত সড়কের পশ্চিম অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ওই ভবনের পাশে একটি বিলবোর্ডে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকে আগুনের ফুলকি পাঁচতলায় ঢুকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। পাঁচতলা থেকে ধোঁয়া বের হচ্ছে। এক পাশের সড়কে যান চলাচল বন্ধ থাকায় অন্য পাশের সড়ক ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। পাশে ফ্লাইওভারের কাজেও বিঘ্ন ঘটে।
ভবনটির উত্তর পাশেই অসমাপ্ত পড়ে ছিল বিলবোর্ডের কাজ। সেখানে থাকা লোকজন জানান, গতকাল সকাল থেকে ওই বিলবোর্ডে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ঘটনার পর তাঁদের আর দেখা যায়নি। কে বা কারা ওই বিলবোর্ড তৈরি করছিলেন তা জানা যায়নি।
ওই পাঁচতলা ভবনে একটি ট্রাক্টর কোম্পানির কার্যালয় রয়েছে। গতকাল সরকারি ছুটি থাকায় সেখানে লোকজনের উপস্থিতি ছিল খুব কম। অগ্নিকাণ্ডের বিষয়ে ওই কার্যালয়ের কারও বক্তব্য পাওয়া যায়নি।