মগবাজারে বিস্ফোরণে নিহতদের লাশ হস্তান্তর
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে নিহত সাতজনের লাশ হস্তান্তর করা হয়েছে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক আবুল খায়ের।
যে সাতজনের লাশ হস্তান্তর করা হয়েছে তাঁরা হলেন, কলেজ শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান (২৬), প্রাইভেটকারচালক স্বপন (৩৯), বাসচালক আবুল কাশেম মোল্লা (৪৫) এবং বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আল আমিন (৩০), শর্মা হাউসের পাচক ওসমান গনি, মা জান্নাত (২৩) ও তাঁর নয় মাসের মেয়ে সোবাহানা।
রোববার রাত সাড়ে ৭টার দিকে মগবাজারের শর্মা হাউসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত সাতজন মারা গেছেন। আহত হন শতাধিক ব্যক্তি।
মগবাজারের বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস, পুলিশ সদরদপ্তর ও বিস্ফোরক পরিদপ্তর পৃথক পৃথক কমিটি গঠন করেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা বলছেন, গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।