মগবাজার-মালিবাগের বিপণিবিতানে কেনাকাটায় ভাটা

দোরগোড়ায় পবিত্র ঈদুল ফিতর। ঢাকার বিপণিবিতানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। কিন্তু ব্যতিক্রম চিত্র মগবাজার, মালিবাগ ও এর আশপাশের বিপণিবিতানগুলোতে৷ নির্মাণাধীন মগবাজার-মালিবাগ উড়ালসড়কের কারণে এই এলাকার রাস্তাঘাট বেহাল। যাতায়াত সমস্যা ও যানজটের কারণে ক্রেতারা ওমুখো হচ্ছেন না। ফলে ঈদে কেনাবেচার এই ভরা মৌসুমে আর্থিক ঝুঁকির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
ইস্কাটন থেকে মগবাজার, মালিবাগ চৌরাস্তা হয়ে হাবীবুল্লাহ বাহার কলেজ পর্যন্ত মগবাজার-মালিবাগ উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। গত বৃহস্পতিবার ওই এলাকার বিপণিবিতানগুলোতে গেলে ব্যবসায়ীরা বেচাবিক্রিতে মন্দার কথা জানালেন।
আড়ংয়ের মগবাজার শাখার সহকারী ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, প্রত্যাশামতো বিক্রি হচ্ছে না। হবেই বা কীভাবে! এই এলাকায় কেনাকাটার স্বাভাবিক পরিবেশ নেই। রাস্তা কাটা, খানাখন্দ, ক্রেতারা যে সহজে যাবে-আসবে, সে উপায় নেই। তিনি জানান, আড়ংয়ের মগবাজার শাখা পুরো রমজানে এক দিনও বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি।
সরেজমিনে দেখা যায়, ইস্কাটন থেকে মালিবাগ হয়ে শান্তিনগর মোড় পর্যন্ত রাস্তার মাঝখানে অসমাপ্ত উড়ালসড়কের নির্মাণসামগ্রী পড়ে আছে। আগের কয়েক দিনের বৃষ্টিতে জমা পানি ও নালার ময়লা মিলেমিশে দুর্গন্ধ ছড়াচ্ছে কয়েক জায়গায়। মাঝখানে কেটে রাখায় প্রস্থ কমে গিয়ে সরু হয়ে পড়েছে সড়ক। পাশাপাশি দুটি রিকশা চলার উপায় নেই। এবড়োখেবড়ো রাস্তায় যান চলার গতি ধীর।
উত্তর বাড্ডা এলাকার বাসিন্দা সালমা বেগম সব সময় মগবাজার আড়ং ও মৌচাক মার্কেট থেকে কেনাকাটা করেন। কিন্তু এবার ওই এলাকার সড়কের দুরবস্থা চিন্তা করে গুলশান থেকে কেনাকাটা সেরেছেন। মার্কেটে পৌঁছানোর আগেই এত ঝামেলা কার ভালো লাগে?
বেলা একটার দিকে মৌচাক মার্কেটে সামান্য ভিড় দেখা গেল। ফরচুন শপিং মল, গ্র্যান্ড শপিং মল, বিশাল সেন্টারে ক্রেতাদের আনাগোনা ছিল না বললেই চলে। এই বিপণিবিতানগুলোর একাধিক দোকান বন্ধ দেখা গেল।
এ এলাকার বিপণিবিতানগুলোর ব্যবসায়ীরা প্রায় একই কথা বলেছেন, সারা বছরে টুকটাক বিক্রি হলেও তাঁদের মূল ব্যবসা হয় ঈদে। ঈদের বেচাকেনা দিয়ে বছরের কয়েক মাসের খোরাক তুলে নিতেন। আগে ১০ রোজাতেই ব্যস্ত থাকতে হতো, অথচ এবার রমজান শেষ হয়ে এলেও বিক্রি ছাড়া বসে থাকতে হচ্ছে অনেককেই। এবার ব্যবসা প্রত্যাশামতো না হওয়ায় সামনের দিনগুলো নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
জনভোগান্তি কমাতে ঈদের আগে সাত দিন এবং পরে তিন দিন মোট ১০ দিন উড়ালসড়কের নির্মাণকাজ বন্ধ রাখতে যোগাযোগমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। ৮ জুলাই যোগাযোগমন্ত্রী মগবাজার-মালিবাগ উড়ালসড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে আসেন। সেখানে যানজটের ভয়াবহতা দেখে তিনি তাৎক্ষণিকভাবে এ নির্দেশ দেন।