মগবান ইউনিয়ন বিদ্যুতের জন্য অপেক্ষায় ৫৩ বছর
৫৩ বছর আগে মগবান ইউনিয়নে বিদ্যুতের সংযোগ দেওয়ার সরকারের প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। একসময় মাথার ওপর দিয়ে চলে যাওয়া বৈদ্যুতিক লাইনও তুলে নেওয়া হয়েছে। সরকারের নানা পর্যায়ে যোগাযোগ করেও বিদ্যুৎ পাচ্ছে না মগবানবাসী। অথচ কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে মগবান ইউনিয়নের দূরত্ব মাত্র দেড় থেকে দুই কিলোমিটার।
সরেজমিনে জানা গেছে, দক্ষিণে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র আর উত্তরে রাঙামাটি পৌরসভার বিদ্যুতের ঝলমলে আলো দেখেই মগবানবাসীর কেটে যাচ্ছে ৫৩টি বছর। ইউনিয়নবাসীর অভিযোগ, বিদ্যুৎ উৎপাদনের জন্য ১৯৬০ সালে নির্মিত কাপ্তাই পানি বিদ্যুৎ বাঁধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা মোহিনী রঞ্জন চাকমা (৬৫) বলেন, ‘আমাদের কোনো চাষযোগ্য জমি নাই। পাহাড়ে জুম চাষ করে বেঁচে থাকতে হয়। তাই প্রতিটি পরিবারে সারা বছরই অভাব লেগে থাকে।’
গোলাছড়ি গ্রামের বাসিন্দা অমর জ্যোতি চাকমা (৭৩) বলেন, ‘কাপ্তাই বাঁধের সবচেয়ে কাছের জায়গা হওয়ায় বাঁধ নির্মাণের সময় সরকারি কর্মকর্তারা আমাদের এলাকায় বেড়াতে আসতেন। তখন বলা হয়েছিল, বাঁধ নির্মাণ শেষ হলে পানি উঠবে। তবে বাঁধ থেকে উৎপাদিত বিদ্যুৎ বিনা পয়সায় আমাদের দেওয়া হবে। তখন অনেক কিছু করা যাবে। কিন্তু সেই কথার সত্যতা আমরা ৫৩ বছরেও পেলাম না।’ স্থানীয় সুরবালা সঞ্চৃতি বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র উৎপল চাকমা বলে, ‘আমাদের বিদ্যালয়ে কয়েকটি কম্পিউটার আছে। বিদ্যুৎ না থাকায় সেগুলো চালানো যাচ্ছে না বলে শিক্ষকেরা আমাদের জানিয়েছেন।’ মগবান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা বলেন, ‘পাকিস্তান আমলে ৩৩ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক লাইন মগবান ইউনিয়নের ওপর দিয়ে কাপ্তাই থেকে রাঙামাটি শহরে নিয়ে যাওয়া হয়েছিল। সাত আট বছর আগে সেই লাইনটিও খুঁটিসহ তুলে নেওয়া হয়েছে। ওই সময় এলাকার লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ নতুন লাইন এনে বাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কথা বলেছিল। তারপর মন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ে বারবার যোগাযোগ ও আবেদন করেও বিদ্যুৎ পাচ্ছি না।’
পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অতিক্রম চাকমা জানান, মগবান ইউনিয়ন যদি বিদ্যুৎ বিতরণ প্রকল্পে অন্তর্ভুক্ত থাকে, তাহলে সেখানে কাজ হবে। আর না থাকলে পরবর্তী সময়ে অন্তর্ভুক্ত করা হবে। পুরোনো বৈদ্যুতিক খুঁটি তুলে নেওয়া প্রসঙ্গে তিনি আরও জানান, কাপ্তাই থেকে রাঙামাটি শহরে ৩৩ হাজার ভোল্টের লাইন নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সে লাইনের তার চুরি হয়ে যাওয়ায় খুঁটিগুলো তুলে নেওয়া হয়েছে।