মঙ্গল কামনায় জামাইষষ্ঠী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হিন্দুধর্মাবলম্বীরা গতকাল রোববার জামাইষষ্ঠী পর্ব পালন করেছে। প্রতিবছর বাংলা সনের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এ ব্রত পালন করা হয়।
হিন্দুধর্মাবলম্বীরা জানান, সাধারণত এই দিনে সধবা মায়েরা বিভিন্ন ফল, ছয়টি পান, ছয়টি সুপারি, বাঁশপাতা, হলুদ, সাদা কাপড়ের টুকরা, তেল, চিড়া, দই, খই একটি ডালায় সাজিয়ে গাছ আছে এমন পবিত্র স্থানে অথবা পূজামণ্ডপে রাখেন। এরপর সেখানে ষষ্ঠীপূজা করেন। পূজা শেষে ছেলেদের কপালে হলুদ ছুঁইয়ে, হলুদ রং-সংবলিত সুতা তাদের ডান হাতে বেঁধে দেন মায়েরা। নারীরা উপোস থেকে পূজা শেষে ফল খান। ষষ্ঠীপূজা উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীরা জামাই ও মেয়েকে তাঁদের বাড়িতে এনে নতুন জামাকাপড় ও শাড়ি উপহার দেন। সাধারণত গাছতলায় বা বনে এ পূজা হয়। তাই একে জামাইষষ্ঠী বা অরণ্যষষ্ঠী বলা হয়ে থাকে। এ পূজায় ফলের সমাহার বেশি থাকে।
স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের সাবেক অফিস সহকারী রবীন্দ্রনাথ মোহন্ত বলেন, ‘সীমিত আয়ের লোকজনের জন্য কোনো তিথিই করা যাবে না। বাজারে ফলমূলের দাম খুব বেশি, তারপরও জামাই-মেয়ে ঘরে এসেছে, তাই কষ্ট করে যৎসামান্য বাজার করলাম।’
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস জানান, আবহমানকাল থেকে সনাতন ধর্মাবলম্বী নারীরা পরিবারের মঙ্গল কামনায় ব্রত রেখে জামাইষষ্ঠী পালন করেন।