মঙ্গল শোভাযাত্রা এবার বিশ্ব ঐতিহ্য

বড় প্রতিকৃতিগুলোর কাঠামো তৈরির কাজ শেষ। এরপর প্রথমে রঙিন কাগজে মোড়ানো হবে। শেষ বেলায় তুলির পরশে পূর্ণাঙ্গ রূপ পাবে এগুলো। সেই সঙ্গে পূর্ণতা পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের মাসব্যাপী সাধনা।
মঙ্গল শোভাযাত্রা নিয়ে এবার একটু বাড়তি প্রস্তুতি। কেননা এবার ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির পালক যুক্ত হয়েছে এটির মুকুটে।
২৮ বছর ধরে বের হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন প্রথম আলোকে বলেন, এবারের মঙ্গল শোভাযাত্রা দেখে যেন মনে হয় আনন্দ উদ্যাপন চলছে। সবার হাতে হাতে থাকবে ফুল-পাখি। আবার পুরোনো বিভিন্ন মোটিফের মধ্যে অনেকগুলোকে ফিরে দেখা হবে। এ বছর মঙ্গল শোভাযাত্রার স্লোগান, ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’। এর সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে একটা বড় সূর্যের প্রতিকৃতি। একই রকম ছোট ছোট অনেক সূর্য থাকবে অংশগ্রহণকারীদের হাতে হাতে। সূর্যের পেছনের অংশে থাকবে কালো রং।
অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘পেছনের কালো রংটা দিয়ে জঙ্গিবাদকে বোঝানো হচ্ছে। জঙ্গিবাদ আমাদের যে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, তার থেকে আলোর দিকে মুখ ঘোরাতে বলাটাই এবারের মূল আহ্বান।’
চারুকলার বৈশাখ উদ্যাপন পরিষদের আহ্বায়ক এবং ১৯তম ব্যাচের শিক্ষার্থী আরিফ সিদ্দিকী বলেন, এবার মোট ১১টি বড় মোটিফ থাকছে। এগুলো হচ্ছে সোনারগাঁয়ের কাঠের হাতি ও বাঘ, ঘোড়া, সওয়ারসহ হাতি, দুই রকমের পুতুল, দুই মাথাওয়ালা হাঁস, পাখি, মোরগ, ময়ূরপঙ্খি নৌকা ও একটা অপশক্তির বিকট আকারের প্রতীক। এগুলো ১২ থেকে ১৮ ফুট উঁচু। এগুলোর বেশির ভাগই গত ২৮ বছরে বিভিন্ন সময় মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত হয়েছে।

১৯৮৯ সালে প্রথম যেবার এই শোভাযাত্রা বেরিয়েছিল চারুকলা থেকে, তখন মুখ্য ভূমিকায় ছিলেন চারুকলার ১৯৮৬-৮৭ ব্যাচের শিক্ষার্থীরা। তাঁদের একজন আলপ্তগীন তুষার বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি প্রথম আলোকে বলেন, প্রথম বছর এই শোভাযাত্রার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পরের বছর ছায়ানটের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হক ও ভাষাসৈনিক এমদাদ হোসেনের প্রস্তাবে এর নাম মঙ্গল শোভাযাত্রা করা হয়। প্রথম শোভাযাত্রায় ১টি হাতি, ১০টি ঘোড়া আর ৫০টির বেশি মুখোশ বানানো হয়। এ ছাড়া ছিল অসংখ্য মুকুট। তবে এরও আগে ১৯৮৫ সালে যশোরে এই বর্ষবরণ শোভাযাত্রার সূত্রপাত। চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে সে বছর শোভাযাত্রা বের করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনায় এ বছর দেশের প্রতিটি জেলা, উপজেলায় এই শোভাযাত্রা হবে।
বরাবরের মতো এবারও চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকেরা মিলে আয়োজনের অর্থ সংগ্রহ করছেন। পয়লা বৈশাখ উপলক্ষে এক মাস আগে থেকেই ছবি এঁকে, মুখোশ, সরাচিত্র তৈরি করে বিক্রি করা হয়েছে।
এই আয়োজনে সরকারি অর্থায়ন না নেওয়ার যুক্তি ব্যাখ্যা করে অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘সরকার যদি আর্থিক অনুদান দেয়, এর মানে তখন সরকারের অংশ হিসেবে আমাদের আয়োজনটা করতে হবে। তাদের মতো করে অনুষ্ঠান করতে হবে। কিন্তু এটা মঙ্গল শোভাযাত্রার ঐতিহ্য নয়।’