মঙ্গল শোভাযাত্রা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

পয়লা বৈশাখ উপলক্ষে গত বৃহস্পতিবার পুরান ঢাকায় মঙ্গল শোভাযাত্রা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এতে পুরান ঢাকার বিভিন্ন স্কুল-কলেজসহ প্রায় ৪০টি শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এ ছাড়া পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় দুই দিনের বৈশাখী মেলা।
মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিকৃতি ছিল কচ্ছপ। এ ছাড়া ছিল খরগোশ, পুতুল, পাখি, বাঘ, প্যাঁচা, পাখি ও রাজা-রানির মুখোশ এবং ঘোড়া, শিকা, সরাসহ লোক ঐতিহ্যের বিভিন্ন উপকরণে শোভাযাত্রাটি সাজিয়ে তোলা হয়। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক, রায়সাহেব বাজার, তাঁতীবাজার মোড়, বংশাল হয়ে ক্যাম্পাসে ফিরে আসে। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান অংশ নেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কলেজিয়েট স্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা রংবেরঙের নানা মুখোশ, ফেস্টুন, ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন৷
শোভাযাত্রা শেষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক ভবন চত্বরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে উপাচার্য মীজানুর রহমান বলেন, ‘আগে ঢাকা বলতে বর্তমান পুরান ঢাকাকেই বোঝানো হতো। পুরান ঢাকাকে কেন্দ্র করেই প্রাচীন বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। সকল অপশক্তির তৎপরতা দূর করে আমাদের পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। ঢাকার প্রাচীন বিদ্যাপীঠ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের জাঁকজমকপূর্ণভাবে বর্ষবরণ উদ্যাপন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম্ নাটক মঞ্চস্থ করেন।