মঙ্গল শোভাযাত্রা পেল ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা গতকাল ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে l প্রথম আলোর ফাইল ছবি
পয়লা বৈশাখে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। এই মঙ্গল শোভাযাত্রা গতকাল ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে l প্রথম আলোর ফাইল ছবি

বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক এই সংস্থা গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির কথা জানিয়েছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শেষ হওয়া ইউনেসকোর ‘স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক আন্তরাষ্ট্রীয় কমিটির (ইন্টার গভর্নমেন্টাল কমিটি অন ইনট্যানজিবল হেরিটেজ) ১১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের সভায় বাংলাদেশ ছাড়াও ইউক্রেন, কম্বোডিয়া, কিউবা, স্পেন, আফগানিস্তান, বেলজিয়াম ও উগান্ডার একটি করে মোট ১০টি উৎসব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
সভায় ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ও মঙ্গল শোভাযাত্রার অন্যতম উদ্যোক্তা নিসার হোসেন এবং ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফারহানা হোসেন উপস্থিত ছিলেন। তাঁরা মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্য করার পক্ষে যুক্তি ও তথ্য-উপাত্ত তুলে ধরেন।
এর আগে ২০১৩ সালে জামদানি শাড়ি ও ২০০৮ সালে বাউলসংগীত ইউনেসকোর স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এর মধ্যে জামদানি ও মঙ্গল শোভাযাত্রার আবেদনপত্রটি বাংলা একাডেমির মাধ্যমে ইউনেসকোর কাছে জমা দেওয়া হয়।

এ ব্যাপারে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, এটা বাংলাদেশের সব মানুষের উৎসব। তাই এই অর্জন এ দেশের সবার।

ইউনেসকো তার ওয়েবসাইটে মঙ্গল শোভাযাত্রার ইতিহাস তুলে ধরতে গিয়ে বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে এই শোভাযাত্রা বের হয়। ১৯৮৯ সালে সামরিক স্বৈরশাসনের হতাশার দিনগুলোতে তরুণেরা এটা শুরু করেছিল। শিক্ষার্থীরা অমঙ্গলকে দূর করার জন্য বাঙালির নানা ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, প্রাণির প্রতিকৃতি ও মুখোশ নিয়ে শোভাযাত্রা করে।

মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার আরও যে কয়েকটি কারণ ইউনেসকো উল্লেখ করেছে তা হচ্ছে, এই শোভাযাত্রা অশুভকে দূর করা, সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংস্কৃতির প্রতীক। এই শোভাযাত্রার মাধ্যমে বাঙালির ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতিগত সব ধরনের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে হস্তান্তরিত হয়।

প্যারিসে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বাংলা একাডেমি থেকে ইউনেসকোর কাছে মঙ্গল শোভাযাত্রাকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়। ইউনেসকো এই শোভাযাত্রাকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শিশির ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের জন্য অনেক খুশির খবর। এই খুশি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি ধর্ম-বর্ণ-জাতিনির্বিশেষে সব বাঙালির উৎসব। বাঙালির একমাত্র অসাম্প্রদায়িক এই উৎসব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্বে বাংলাদেশের চেহারা আরও উজ্জ্বল হলো।