মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি
চৈত্র মাসের অর্ধেকেরও বেশি চলে গেছে। হাতছানি দিচ্ছে বাংলা সনের প্রথম মাস বৈশাখ। বৈশাখ মানেই যেন বাঙালিত্বের উদ্যাপন। শিকড়ের পানে নিজেকে সমর্পণ করা। পয়লা বৈশাখ দেশবাসী বরণ করবে নতুন বছর ১৪২৩ বঙ্গাব্দ। রাজধানীজুড়ে ছড়িয়ে পড়বে উৎসব। শহরে ছড়িয়ে-ছিটিয়ে যাওয়া নানা আনুষ্ঠানিকতার মাঝে বর্ণিলরূপে ধরা দেবে চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা।
চারুকলার সবুজ আঙিনায় এখন তুমুল কর্মব্যস্ততা। জয়নুল গ্যালারির সামনে থরে থরে সাজানো চিত্রিত সরা। দেয়ালে শোভা পাচ্ছে জলরঙের চিত্রকর্ম। প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীরা কাজে মেতে আছেন। কেউ বাঁশ-কাঠ কাটাকুটি করছেন, কেউ কাগজ কাটছেন বিভিন্ন আকৃতির। হাতে সময় আর বেশি নেই। নববর্ষ কড়া নাড়ছে দ্বারে। বাঙালির প্রাণের এই উৎসবকে বর্ণাঢ্য করে তুলতে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা বরাবরের মতোই নিয়েছেন ব্যাপক প্রস্তুতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকেই মাটির সরা, জলরঙের চিত্রকর্ম ও মুখোশের যে প্রদর্শনী দেখা গেল, সেটি বর্ষবরণ অনুষ্ঠান উদ্যাপনের তহবিল গঠনের জন্য।
প্রতিবছরই চলমান সময়ের বিবেচনায় একটি বিশেষ বিষয় বা ভাবনা হয়ে ওঠে এই শোভাযাত্রার প্রধান অনুষঙ্গ। প্রাথমিকভাবে এ বছরের শোভাযাত্রার ভাবনায় উঠে এসেছে মূল্যবোধের অবক্ষয়, এসেছে মা ও শিশুর সম্পর্ক। সামাজিক অবক্ষয়ের কারণে মায়ের হাতে সন্তানের মৃত্যু কিংবা সন্তানের প্রতি বাবা-মায়ের অযত্ন-অবহেলার প্রেক্ষাপটে নির্ধারিত হয়েছে এবারের মঙ্গল শোভাযাত্রার মূল বিষয়। এবারের স্লোগানে রবীন্দ্রনাথের আশ্রয় নেওয়া হয়েছে, ‘অন্তর মম বিকশিত করো অন্তরতর হে’।
এখনো এবারের মঙ্গল শোভাযাত্রার সবকিছু চূড়ান্ত হয়নি বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। গতকাল রোববার তিনি বলেন, ‘কত প্রকারের অনুষঙ্গ দিয়ে শোভাযাত্রা সাজানো হবে, সে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। মা ও শিশুর মধুময় সম্পর্কটি সব সময়ই আমাদের সমাজে ইতিবাচক বিষয় হিসেবে বিবেচিত হয়েছে। তবে মূল্যবোধের ক্ষয়িষ্ণুতার প্রভাবে এই সম্পর্কটি ঠিক আগের মতো অটুট নেই। বেশ কিছুদিন ধরেই দেখছি, মা ও সন্তানের সম্পর্কটা ফিকে হয়ে পড়ছে। বন্ধনটি কোথায় যেন আলগা হয়ে যাচ্ছে। এর পাশাপাশি ক্রমাগত ঘটছে শিশু নির্যাতনের ঘটনা। পত্রিকার পাতায় এসব সংবাদ দেখে আঁতকে উঠি। এসব বিষয়কে সামনে রেখেই এবারের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পর্ব চলছে। পাশাপাশি বরাবরের মতো হাতি, ঘোড়া, ময়ূর, পাখির কাঠামো তো থাকছেই। সবই হবে লোকজ মোটিফে।’
মঙ্গল শোভাযাত্রার মূল্য উদ্দেশ্যটি উল্লেখ করে নিসার হোসেন বলেন, ‘শিক্ষার্থী ও শিক্ষকদের পরিশ্রমে এই শোভাযাত্রা সর্বজনীন রূপ পেয়েছে। সংস্কৃতির ভেতর দিয়ে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক অবস্থানের কথাই প্রকাশ করে এই শোভাযাত্রা। মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান অন্তর্নিহিত আছে এর মাঝে। অসাম্প্রদায়িকতা চর্চার পথ ধরেই বেড়ে ওঠা শোভাযাত্রাটি এখন গ্রহণযোগ্য হয়ে উঠেছে সবার কাছে। আর এই সর্বজনীনতাকে স্পর্শ করার তাগিদেই আমরা কখনো বিজ্ঞাপনের খপ্পরে পড়তে চাই না। তাই চারুকলার ছাত্র ও শিক্ষকদের সৃজিত শিল্পকর্ম বিক্রির মাধ্যমে নিজেরাই নিজেদের তহবিল গঠন করি। এতে করে শিক্ষক-শিক্ষার্থীরা নিজের কাজ নিয়ে সাধারণ মানুষের সামনে হাজির হতে পারে। আবার মানুষও এ শিল্পকর্মগুলো সংগ্রহ করে নিজেকে এই উদ্যোগে সংশ্লিষ্ট করতে পারেন। তারা ভাবতে পারে, এই আয়োজনের অংশীদার তারাও।’
গত ১৬ মার্চ চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম।