মঙ্গল শোভাযাত্রার জন্য আর্ট ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, ব্যস্ত শিল্পীরা। ছবি: সাবিনা ইয়াসমিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, ব্যস্ত শিল্পীরা। ছবি: সাবিনা ইয়াসমিন

পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার জন্য প্রথমবারের মতো আজ রোববার আর্ট ক্যাম্প হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। চিত্রশিল্পীদের একদিনে আঁকা শিল্পকর্ম বিক্রি করে মঙ্গল শোভাযাত্রার খরচ তোলা হবে।
আর্ট ক্যাম্পে শিল্পী হামিদুজ্জামান, শিশির ভট্টাচার্য, মনিরুজ্জামান, বিপাশা হায়াৎ, বিশ্বজিত গোস্বামীসহ অনেকে আজ এঁকেছেন শিল্পকর্ম।
মুঘল সম্রাট আকবরের শাসনামল থেকে শুরু হয়েছিল বর্ষবরণ উৎসব। সেই থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ উদ্‌যাপন করা হয়। নতুন বছরের আগমনকে উৎসবের পূর্ণতা এনে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এই অনুষদের প্রত্যেকেই আন্তরিকতায় অংশ নেন এ আয়োজনে। নতুন বাংলা বছরের সূর্যোদয়ের পর থেকেই ঢাকায় সব পথ যেন মিশে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান ‘অনেক আলো জ্বালতে হবে, মনের অন্ধকারে’।

মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। ছবি: সাবিনা ইয়াসমিন
মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। ছবি: সাবিনা ইয়াসমিন


আজ মঙ্গল শোভাযাত্রার নানা আয়োজন দেখতে চারুকলায় গিয়েছিলেন এই প্রতিবেদক। মূল ফটক দিয়ে প্রবেশ করতেই বাঁ দিকে চোখে পড়ে জলরঙে আঁকা বিভিন্ন ছবি। শতভাগ বাঙালিয়ানার সেই দিন যে চলে এসেছে, তা বোঝা গেল চারুকলা প্রাঙ্গণে গিয়েই। যেখানে গ্রামবাংলার রূপ, ফুল, পাখি, পাখা, নারী, মুখোশ ও শহুরে মানুষের জীবনযাত্রার কথা তুলে ধরা হয়েছে নানা চিত্রকর্মে। এ সব চিত্রকর্ম বিক্রির অর্থেই হবে মঙ্গল শোভাযাত্রা। গত ২৫ মার্চ থেকে এই কাজে শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানালেন স্নাতক ১৬ তম ব্যাচর স্নাতকোত্তর শেষ পর্বের শিক্ষার্থী নাহিদা নিশা। বৈশাখী উদ্‌যাপনে সর্বজনীন চরিত্রটি অক্ষুণ্ন রাখার জন্যই কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয় না। পয়লা বৈশাখ উপলক্ষে নান্দনিক এ সব পণ্য চারুকলা প্রাঙ্গণ থেকে সংগ্রহ করতে পারেন যে কেউ, বলছিলেন নিশা।
সরায় ফুল আঁকছেন সোনিয়া আক্তার। তিনি বললেন, সরা, ফুল ও পাখি সব বিক্রির জন্য যা দিয়ে বর্ষবরণের তহবিল সংগ্রহ করা হয়। প্রতিবছরের মতোই বৈশাখকে বরণ আয়োজনের নির্দেশনা দিচ্ছেন চারুকলার স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থীরা। আর বরাবরের মতোই সাবেক শিক্ষার্থীরা এই উদ্‌যাপনকে সফল করতে প্রাণের টানে ছুটে আসছেন তাঁদের প্রিয় চারুকলায়। একটু সামনে এগোতেই দেখা গেল একদল মুখোশ নির্মাতাকে। আপন মনে কাজে করে যাচ্ছেন লাবণ্য এষা, অমিত, শ্যামা, তিতলি। বারান্দায় একপাশে কাগজের মন্ড দিয়ে তৈরি হচ্ছে মুখোশ, আরেক পাশে সেই মুখোশ রাঙিয়ে তোলার কাজ চলছে। 

পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি করা হয়েছে মুখোশ। ছবি: সাবিনা ইয়াসমিন
পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি করা হয়েছে মুখোশ। ছবি: সাবিনা ইয়াসমিন

প্রিন্ট মেকিং বিভাগের দরজা ঠেলে এগোতে গিয়ে দেখা গেল রঙিন পাখি যেন স্বাধীনভাবে উড়ছে। সবাই মনোযোগ দিয়ে মাধুরী মিশিয়ে রং দিয়ে গড়ে তুলছে ভিন্নভিন্ন সব পাখি। মুখোশের পাশেই সাজানো রঙিন পাখির সব সারি। হঠাৎ দেখলে মনে হবে, কেউ রূপকথার জাদুকাঠি নেড়েই যেন তৈরি করে চলেছেন ঠাকুমার কাছে শোনা গল্পের চরিত্রগুলো।
টেপা পুতুল, মাছ, ঘোড়া, কাকাতুয়া, তোতাপাখি, বাঘ, হাতি, হাঁসসহ রাজা-রানি-উজির-নাজিরের মুখ, খরগোশ ও প্যাঁচা এই লোকজ শিল্প শোভাযাত্রাকে শোভামন্ডিত করতে শিক্ষার্থীরা তৈরি করেন বাঙালি ঐতিহ্যের নানা শিল্পকর্ম। এবারে উৎসব সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য ছাত্র সমন্বয়কারী হিসেবে কাজ করছেন স্নাতক ১৬ তম ব্যাচের শিক্ষার্থীরা।
চারুকলার ছোট পুকুরের পাশেই চলছে বাঁশ, বেত ও কাঠ দিয়ে সরীসৃপের কাঠামো নির্মাণ। যেখানে কাজের নেশায় মত্ত পলাশ, রনি, রাজ ও শিহাব। তাঁরা সবাই স্নাতক ১৬ তম ব্যাচের শিক্ষার্থী। সেখানেও চোখে পড়ল এবারের শোভাযাত্রা বিষয়বস্তুর ভিন্নতা।