মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে৷ শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন মুখোশ, পাখি রাঙাতে৷ ছবিটি গতকাল চারুকলা অনুষদ থেকে তোলা l প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে৷ শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন মুখোশ, পাখি রাঙাতে৷ ছবিটি গতকাল চারুকলা অনুষদ থেকে তোলা l প্রথম আলো

কাঠ কাটার ঘষ ঘষ শব্দ আর পেরেক ঠোকার ঠক ঠক। সঙ্গে উঁচু কণ্ঠের কোলাহল, ‘আরেকটু শার্প হবে। স্যাম্পল ছবিটা সামনে রাখ।’ চারুকলা অনুষদের আঙিনায় বাঁশ-কাঠের ফ্রেমে আদল পাচ্ছে তিন মানুষসমান উঁচু এক একটা পাখি, পুতুল, বাঘ। আসছে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা সাজাবে এগুলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বাংলা বর্ষবরণের তোড়জোড়। মঙ্গল শোভাযাত্রার মুখোশ-প্রতিকৃতি তৈরির ব্যস্ততা এখন অনুষদের আঙিনা, গ্যালারি, শ্রেণিকক্ষে।
অনুষদের সবুজ মাঠে তৈরি হচ্ছে শোভাযাত্রার বড় প্রতিকৃতিগুলো। গতকাল রোববার সকালে গিয়ে দেখা যায়, পেরেক, হাতুড়ি, ধাতব তার হাতে ব্যস্ত শিক্ষার্থীরা। রীতি অনুযায়ী বরাবরের মতো মঙ্গল শোভাযাত্রার আয়োজনে আছে অনুষদের জ্যেষ্ঠ ব্যাচ। এবার ১৮ ও ১৯তম (সম্মান) ব্যাচ দায়িত্ব পেয়েছে। বড় প্রতিকৃতি, পেপার কাটিং ও মুখোশ তৈরি এবং সার্বিক সমন্বয়ের দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছেন অনুষদের আট বিভাগের শিক্ষার্থীরা। ভাস্কর্য বিভাগের ১৮তম ব্যাচের রামিজ আফরোজ কাজ করছেন প্রতিকৃতি তৈরির দলে। বললেন, দুই রকমের পুতুল, হাতি, ঘোড়া, বাঘ, ময়ূরপঙ্খী নৌকা, দুই মাথাওয়ালা হাঁসসহ ১০ ধরনের লোকজ প্রতীক তৈরিতে হাত দিয়েছেন তাঁরা। এগুলোর উচ্চতা হবে ১২ থেকে ১৮ ফুটের মধ্যে।
পাশে ‘স্কুলঘরে’ চলছে পেপার কাটিংয়ের কাজ। টেবিলে কাগজের ছোট পাখি-ফুল স্তূপ রাখা। রং করার পর সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হচ্ছে এক পাশে। অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে টেবিল পেতে বাঘ-প্যাঁচা মোটিফের বড় মুখোশগুলো রং করা হচ্ছে। গ্যালারির সামনে করিডরের একধারেও মেঝেতে কাগজ, আটার হাঁড়ি ছড়ানো-ছিটানো। কাগজের মণ্ডের (পেপার ম্যাশ) মুখোশে রাজা-রানির মুখের আদল চোখে পড়ে। প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী দীপা রানী দাস বললেন, মুখোশ-পেপার কাটিংগুলোর বেশির ভাগই বিক্রির জন্য তৈরি হচ্ছে। বিশেষ কয়েকটি শোভাযাত্রার জন্য তুলে রাখা হবে। গত ১৯ মার্চ থেকে অনুষদ ভবনের নিচতলায় রঙিন সরা, বাঘ-প্যাঁচার ছোট-বড় মুখোশ, শিক্ষক-শিক্ষার্থীদের আঁকা ছবি বিক্রি হচ্ছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। বিক্রি থেকে পাওয়া টাকা মঙ্গল শোভাযাত্রার তহবিলে যাবে।
গত নভেম্বরে বছর ইউনেসকো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব মনোগত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। অনুষদের ডিন নিসার হোসেন বললেন, এই অর্জন সামনে রেখে এবারের আয়োজনও সেভাবেই সাজানো হয়েছে। তাঁর কথায়, দেখে যেন মনে হয় আনন্দ উদ্যাপন চলছে। বললেন, এ বছর শোভাযাত্রায় প্রতিকৃতির সংখ্যা বাড়বে। সবার হাতে হাতে অনেক ফুল-পাখি থাকবে। মঙ্গল শোভাযাত্রা আয়োজনের ২৯ বছরে এসে পুরোনো অনেক মোটিফ নতুন করে তৈরি ও ফিরে দেখার কথা ভাবা হচ্ছে।
মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান, ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’। স্লোগানের সঙ্গে মিল রেখে বড় সূর্যের প্রতিকৃতি তৈরি হচ্ছে, যা শোভাযাত্রায় অনেকে মিলে বহন করবেন। অনুষদের বৈশাখ উদ্যাপন আয়োজনের সমন্বয়কদের একজন ১৯তম ব্যাচের শিক্ষার্থী আরিফ সিদ্দিকী বলেন, ‘সূর্যের সামনের মুখ হবে রঙিন, হাস্যোজ্জ্বল। আর পেছনে থাকবে কালো রঙে কাদাকার অন্ধকার মুখ। আমরা পেছনে অন্ধকার রেখে আলোর দিকে এগিয়ে যাব।’
উৎসব সামনে রেখে অনুষদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিসার হোসেন বলেন, সরকার অনুষদ ও শোভাযাত্রার নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কয়েক বছর ধরে উৎসবের আগে বিশেষ বাহিনী সোয়াট নিরাপত্তার দায়িত্ব পালন করছে। পুরো চারুকলা ইতিমধ্যে সিসিটিভির আওতায় রয়েছে। কয়েক দিনের মধ্যে অনুষদের ফটকে মেটাল ডিটেক্টর বসানোর কথা রয়েছে।