মঙ্গলকোট বধ্যভূমিতে ‘যুদ্ধজয়’-এর উদ্বোধন
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজারের পাশে হরিহর নদের তীরের বধ্যভূমিতে ‘যুদ্ধজয়’ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে এখানে একটি সঞ্চৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী। অবশেষে ৪১ বছর পর এখানে সঞ্চৃতিস্তম্ভ নির্মাণ করা হলো। স্মৃতিস্তম্ভের উদ্বোধন উপলক্ষে ২৫ মার্চের কালরাত্রি স্মরণে মঙ্গলকোট সেতুর নিচে সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মো. মনজুর আলম। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে ধরে কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ে নিয়ে এসে নির্যাতন করত। পরে মঙ্গলকোট সেতুর ওপর গুলি করে তাঁদের নদীতে ফেলে দিত। সেখানেই সঞ্চৃতিস্তম্ভটি নির্মাণ করা হলো। স্মৃতিস্তম্ভের নকশাবিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিপুল কুমার মালাকার জানান, স্মৃতিস্তম্ভের তিনটি স্তম্ভকে ১৯৫২ সাল, ১৯৬৯ ও ১৯৭১ সালের সঙ্গে তুলনা করা হয়েছে। বেদির আটটি ধাপের একটিকে বাংলাদেশ এবং অপর সাতটিকে সাতজন বীরশ্রেষ্ঠর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।