মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে বইমেলা শুরু
ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সাড়ে ছয়টা। শহরবাসীর পদচারণে মুখরিত হলো পাবনা শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণ। হঠাৎ করেই সমবেত কণ্ঠে শোনা গেল ‘আমি বাংলার গান গাই’। এরপর ‘আলো আমার আলো, আলোয় ভুবন ভরা’ গানের সঙ্গে একযোগে শত দর্শকের হাতে জ্বলে উঠল মঙ্গলপ্রদীপ।
এভাবেই গতকাল রোববার সন্ধ্যায় পাবনায় শুরু হলো মাসব্যাপী বইমেলা ও সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী। ‘যে জাতি বই পড়ে সে জাতি এগিয়ে চলে’—এ স্লোগান নিয়ে জেলা সদরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মেলার আয়োজন করেছে। সহযোগিতা করছে বইমেলা উদ্যাপন পরিষদ।
দর্শকদের সঙ্গে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বইমেলা উদ্যাপন পরিষদের সভাপতি শিক্ষাবিদ মুহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে আরও বক্তব্যে দেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক, পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক আজমল হোসেন, বইমেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ শিবজিদ নাগ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সহসভাপতি দবির উদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুল মতীন খান।
বইমেলায় প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, ইত্যাদি প্রকাশনী ও পাবনার মহিয়সী প্রকাশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৬টি স্টল রয়েছে। পাশাপাশি পাঠকদের দুর্লভ বইয়ের সঙ্গে পরিচিত করতেই মেলা প্রাঙ্গণের পাশে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রয়েছে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা ও প্রদর্শনী চলবে।