মঙ্গলবার মান্নান ভূঁইয়ার কুলখানি
বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ আবদুল মান্নান ভূঁইয়ার কুলখানি আগামী ৩ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গুলশান-১-এর ৬ নম্বর সড়কে মান্নান ভূঁইয়ার ন্যাম ভিলার ১/২ নম্বর বাড়িতে বাদ আসর এ কুলখানি হবে। প্রয়াতের স্ত্রী মরিয়ম বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কুলখানিতে প্রয়াতের আত্মীয়স্বজন, রাজনৈতিক সতীর্থ, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। শোকসভা: মান্নান ভূঁইয়ার মৃত্যুতে শহীদ আসাদ পরিষদ গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে শোকসভার আয়োজন করে। সভায় বক্তারা রাজনীতিতে মান্নান ভূঁইয়ার অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, মান্নান ভূঁইয়া একজন সৎ ও ত্যাগী মানুষ ছিলেন।সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ভাস্কর রাসা, শামসুল মোমেন, শহীদ আসাদ পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রমুখ।