মঙ্গলবারের মধ্যে বিমানের টিকিট নিতে হবে হজযাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য আগামীকাল মঙ্গলবারের মধ্যে টিকিট সংগ্রহ করতে যাত্রী ও এজেন্সির প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ আগস্ট থেকে শুরু হওয়া চলতি হজ কার্যক্রম আগামী ৫ সেপ্টেম্বর শেষ হবে। যেসব হজযাত্রী বা এজেন্সি এখনো তাদের আসন নিশ্চিত করে টিকিট সংগ্রহ করেনি, তাদের হজযাত্রা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে আগামীকালের মধ্যে নিজ নিজ টিকিট সংগ্রহের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আবারও অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায়, হজযাত্রীদের হজযাত্রা বিঘ্নিত হলে তার দায়িত্ব বিমান কোনোভাবেই নেবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজযাত্রীদের আসন সংরক্ষণ বা টিকিট সংগ্রহ বিষয়ে এই ফোন নম্বরে (০১৭৭৭৭-১৫৫১৩, ৯৫৫৩২২০, ৯৫৮৭০০১) যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে।